জনগণ আমাদের প্রভু, আমরা তাদের সেবক : ভূমি সচিব

ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী বলেছেন, জনগণ আমাদের প্রভু আর আমরা (প্রজাতন্ত্রের কর্মচারীরা) তাদের সেবক। জনগণের দেওয়া ভ্যাট-ট্যাক্সের টাকায় আমরা বেতন পাই। তাই প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদের কাজই হচ্ছে প্রভুদের প্রাপ্য সেবা দেওয়া। গতকাল নীলফামারী শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত শুদ্ধাচার প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, ‘দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আপনারা যারা ইউনিয়ন, উপজেলা ও জেলা ভূমি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী আছেন তারা সতর্ক  হোন। কেউ নিজ স্বার্থ হাসিলের জন্য মানুষকে হয়রানি করবেন না। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ বক্তব্য দেন। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ও উপস্থিত সব কর্মকর্তা-কর্মচারীকে দুর্নীতি প্রতিরোধে শপথবাক্য পাঠ করান সচিব।