বিদায়ী অর্থবছরের রাজস্ব আয়

সংশোধিত লক্ষ্যমাত্রাও আদায় করতে পারেনি এনবিআর

বিদায়ী অর্থবছরের বাজেটের রাজস্ব আয়ের মূল লক্ষ্যমাত্রা থেকে ১৬ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা পূরণ করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। লক্ষ্যমাত্রার তুলনায় ২০ শতাংশ ঘাটতি রেখে ২ লাখ ২৩ হাজার ৮৯২ কোটি টাকা রাজস্ব আয়ের তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিদায়ী ২০১৮-১৯ অর্থবছরের মূল বাজেটে এনবিআরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায়ের সম্ভাবনা কম থাকায় পরে তা সংশোধন করে ২ লাখ ৮০ হাজার ৬৩ কোটিতে নামিয়ে আনা হয়। গতকাল এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা গত অর্থবছরের রাজস্ব আয়ের সাময়িক তথ্য প্রকাশ করে বলা হয়েছে, অর্থবছরটিতে ২ লাখ ২৩ হাজার ৮৯২ কোটি টাকা রাজস্ব আহরণ সম্ভব হয়েছে।

লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় না হলেও এই অর্জন আগের অর্থবছরের চেয়ে ১০ দশমিক ৬৭ শতাংশ বেশি। এটি গত পাঁচ বছরের রাজস্ব প্রবৃদ্ধির তুলনায় কম। গত পাঁচ বছর রাজস্ব আয়ে গড় প্রবৃদ্ধি ছিল ১৩ দশমিক ৬৪ শতাংশ।

এনবিআরের তথ্য অনুযায়ী বিদায়ী অর্থবছর আমদানি-রপ্তানি পর্যায়ে রাজস্ব, স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আয়কর ও ভ্রমণ করÑ তিন খাতেই রাজস্ব আয়ের পরিমাণ লক্ষ্যমাত্রার তুলনায় কম হয়েছে।