সরকারি হিসাবে ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু

ডেঙ্গুতে সরকারি হিসাবে চলতি বছর মৃতের সংখ্যা ৫২ জনে পৌঁছাল। গতকাল সোমবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট ৮৮টি ডেঙ্গু সন্দেহ মৃত্যুর পর্যালোচনা করে ওই ৫২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এখন পর্যন্ত তাদের কাছে ১৬৯ জনের মৃত্যুর খবর এসেছে বলেও জানায় প্রতিষ্ঠানটি। আর গত রবিবার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৫১ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানা যায়। এদিকে ডেঙ্গুতে সারা দেশে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি সপ্তাহের সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ৬৪ হাজার ৭৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আর চলতি আগস্টেই চিকিৎসা নিয়েছেন ৪৬ হাজার ৩০৪ জন। যা মোট আক্রান্তের সাড়ে ৭১ শতাংশ। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৯ হাজার ৩০ জন। যা মোট আক্রান্ত রোগীর ৯১ শতাংশ। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে ভর্তি রয়েছে ৫ হাজার ৫৬২ জন। এর মধ্যে ঢাকা শহরের ৪১টি হাসপাতালে ভর্তি রয়েছে ৩ হাজার ৮১ জন আর ঢাকা শহর ছাড়া ঢাকাসহ অন্যান্য বিভাগে ২ হাজার ৪৮১ জন।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা শহরের ৪১টি সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭৭ জন। এর মধ্যে ঢাকা মেডিকেলে ৭৭, মিটফোর্ড হাসপাতালে ৮৮, শিশু হাসপাতালে ১৭, সোহরাওয়ার্দী হাসপাতালে ৫৬, বিএসএমএমইউতে ২৩, পুলিশ হাসপাতালে ৫, মুগদা মেডিকেলে ৫৪, সিএমএইচে ১৫, কুর্মিটোলা হাসপাতালে ২৪ ও বেসরকারি হাসপাতালে ২১২ জন। ঢাকা নগরী ছাড়া ঢাকাসহ অন্যান্য বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ১৯২, চট্টগ্রাম বিভাগে ৯৮, খুলনা বিভাগে ১৪৯, রংপুর বিভাগে ২০, রাজশাহী বিভাগে ৭৮, বরিশাল বিভাগে ১১১, সিলেট বিভাগে ৯ এবং ময়মনসিংহ বিভাগে ১৭ জন।

আরও ২ মৃত্যু : ঢামেক প্রতিনিধি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হেনা বেগম (৪৫) নামে এক নারী মারা গেছেন। হেনা তার স্বামী ফিরোজ আহমেদসহ শ্যামপুর পালপাড়ায় থাকতেন। তিন দিন ধরে জ¦রে ভুগছিলেন তিনি।

শরীয়তপুর প্রতিনিধি জানান, ডেঙ্গুতে আক্রান্ত দাদন লস্কর (২৫) নামে এক শিক্ষার্থী গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় গত রবিবার বিকেলে চিকিৎসকরা তাকে সদর হাসপাতালে প্রেরণ করেন। অ্যাম্বুলেন্স না পেয়ে তাকে প্রাইভেটকারে করে সেখানে নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। দাদন গোসাইরহাটের ইদিলপুর ইউনিয়নের কৃষক জামাল হোসেন লস্করের ছেলে।