৯ বছরের ভাগ্নিকে ধর্ষণের পর হত্যা, কিশোর গ্রেপ্তার

চট্টগ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় রমজান আলী ছোটন (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। রমজান সম্পর্কে ওই শিশুর মামা। গত রবিবার বিকেলে নগরীর বন্দর থানার মাইলের মাথা এলাকায় একটি ভবনে শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। এই ঘটনায় পুলিশ রবিবার রাতেই রমজানকে গ্রেপ্তার করে। সে ভোলার সদর উপজেলার কোরালিয়া এলাকার মো. ছিদ্দিকুর রহমানের ছেলে এবং মাইলের মাথা এলাকার ইয়াছমিন বিল্ডিংয়ে পঞ্চম তলায় ভাড়া থাকত। শিশুটি বন্দর থানার মাইলের মাথা এলাকায় হালিমা চিশতি কিন্ডারগার্টেনে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্ত্তী বলেন, গ্রেপ্তার রমজান শিশুর মায়ের চাচাতো ভাই। সে বেগমজান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আর শিশুর বাবা দিনমজুর এবং মা সিইপিজেডের পোশাককর্মী। তিনি আরও বলেন, তারা যে ভবনের পঞ্চম তলার বাসায় থাকেন, এর তৃতীয় তলায় শিশুর মায়ের এক চাচা পরিবার নিয়ে থাকেন। রবিবার বিকেলে শিশুর মা-বাবা বাসায় ছিলেন না। এই ফাঁকে চাচাতো ভাই রমজান তাদের বাসায় ঢুকে শিশুকন্যাকে ধর্ষণ করে। বিষয়টি সবাইকে জানিয়ে দেবে বললে রমজান তাকে শ্বাসরোধে হত্যা করে মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে।

ওসি আরও বলেন, ‘রাতে শিশুর বাবা-মা বাসায় এসে বিষয়টি জানতে পেরে থানায় জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদে শিশুর মায়ের চাচাতো ভাইকে আমাদের সন্দেহ হয়। তাকে আমরা আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করি। একপর্যায়ে সে ধর্ষণ ও হত্যার বিষয় বিস্তারিত আমাদের কাছে স্বীকার করে।’

নাটোরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক : নাটোরে যৌন হয়রানির অভিযোগে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়াশিক্ষক আবদুল হাকিমকে (৩৯) স্কুল থেকে গতকাল সোমবার দুপুরে আটক করেছে পুলিশ। তার বাড়ি রাজশাহীর চারঘাট কাকাইলকাঠি গ্রামে।

নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মতিন জানান, গত রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীর অভিভাবক এসে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। এরপর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তিন দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়। এ ব্যাপারে নাটোর থানায় মামলা করায় গতকাল দুপুর আড়াইটার দিকে পুলিশ শিক্ষক আবদুল হাকিমকে গ্রেপ্তার করে।

নাটকীয়তার পর ধর্ষণচেষ্টার আসামি গ্রেপ্তার : সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভনে ১৪ বছরের কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। পরে গত রবিবার রাত ১টার দিকে বখাটে মহসিনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে তাকে আটক করা হলেও ছেড়ে দেওয়া হয়েছিল।

গত শনিবার বিকেলে ধর্ষণের অভিযোগে মহসিনকে আটক করে প্রতিবেশীরা। তখন উভয় পরিবারের সম্মতিতে বিয়ের কথা চূড়ান্ত হয়। রাত ১০টার দিকে বিয়ে পড়াতে কাজি আসার পর মহসিনের পরিবার বিয়েতে অমত পোষণ করে। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ এসে মহসিনকে আটক করে। এরপর অভিভাবকরা বিয়েতে রাজি হয়ে মহসিনকে থানা থেকে ছাড়িয়ে আনে। রাত ৮টার দিকে কিশোরীর মা থানায় নিয়ে ধর্ষণচেষ্টার মামলা করলে মহসিনকে গ্রেপ্তার করে।

কলাপাড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ : পটুয়াখালীর কলাপাড়ায় ফের মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের দায়ে আমিরুল মুন্সি (৪০) নামে এক অটোচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ ঘটনা ঘটে।

গত ১৪ জুলাই রাত ১০টার দিকে পাখিমারা বাজারে আরেক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের দায়ে কবির সিকদার (৫৫) নামে এক ধর্ষককে আটক করে আদালতে সোপর্দ করেছিল পুলিশ।

স্থানীয়রা জানায়, পাখিমারা বাজারের প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বের একটি বাগানে নিয়ে গিয়ে ওই নারীকে ধর্ষণ করে অটোচালক আমিরুল। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

দিনাজপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ : দিনাজপুরে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রবিবার দিনাজপুরের হাকিমপুর উপজেলার জামালপুর মাটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাগর (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে হাকিমপুরে খালু আবদুর রহিমের বাড়িতে থাকত।

পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুরের পর বাড়ির পাশেই কয়েক শিশু খেলা করছিল। এ সময় সাগর ওই শিশুকে ফুসলিয়ে পাশের কচুক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সাগর পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে সোমবার দুপুরে শিশুর বাবা-মা ও স্বজনরা এ ঘটনায় অভিযুক্ত সাগরের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন।

রংপুরের স্কুলছাত্রীকে ধর্ষণ : পীরগঞ্জ উপজেলার বালুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় বাড়ির পেছনে টিউবওয়েলের পানি নিয়ে আসার জন্য যায় ওই ছাত্রী। এরপর গত শনিবার রাতে ওই ছাত্রীকে মধু মিয়ার বাড়ির নারকেল গাছের নিচে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এদিকে ওই ছাত্রীর বাবা পীরগঞ্জ থানায় মামলা করলে রবিবার রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলো মিলনপুর গ্রামের আলমগীর হোসেন ও রুবেল মিয়া।