ফেদেরারকে ভয় ঢুকিয়ে দিয়েছিলেন ভারতের সুমিত নাগাল

ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ। প্রতিপক্ষ গ্রহের অন্যতম সেরা টেনিস তারকা রজার ফেদেরার। তাকে কী! সুইজারল্যান্ডের এই তারকার বিপক্ষে ভয় ডরহীন লড়লেন ভারতের সুমিত নাগাল। হেরে গেলেও ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরারের ভেতর ভয় ঢুকিয়ে দিয়েছিলেন তিনি!

মঙ্গলবার নিউ ইয়র্কের আর্থার অ্যাশ কোর্টে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর ফেদেরারের কাছে সুমিতকে হারতে হলো ঠিকই, কিন্তু অভিষেকেই চমকে দিলেন। হেভিওয়েট টুর্নামেন্টে ছাপ রাখলেন নিজের।

সুমিতকে শেষ পর্যন্ত ৬-৪, ১-৬, ২-৬, ৪-৬ গেমে হারান ফেদেরার। কিন্তু প্রথম সেটেই সুমিতের কাছে হেরে যেতে হয়েছিল তাকে। অবশ্য পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি ৩৮ বছর বয়সী ফেদেরারকে। টানা তিনটি সেট নিজের করে দিলেন টুর্নামেন্টে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে থাকা এই খেলোয়াড়।