আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ৬০০ কোটি টাকার বন্ড ইস্যু

৬০০ কোটি টাকার বন্ড ইস্যু করেছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি। এর মধ্যে ৫০০  কোটি টাকার বন্ড প্রাইভেট প্লেসমেন্ট ও ১০০  কোটি টাকা পুঁজিবাজার থেকে বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা হবে। এজন্য ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) ও ব্র্যাক ইপিএল। সম্প্রতি এ বিষয়ে অগ্রগতি জানানোর জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগে একটি চিঠি দিয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ। ওই চিঠি সূত্রে এসব তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়, ইতিমধ্যে নয়টি প্রতিষ্ঠান থেকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৫০০ কোটি টাকার সাবস্ক্রিপশন শেষ হয়েছে। এগুলো হচ্ছে সোনালী ব্যাংক ৫০ কোটি, অগ্রণী ব্যাংক ১০০ কোটি, জনতা ব্যাংক ৬৫  কোটি, রূপালী ব্যাংক ৭৫ কোটি, বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড ১০০ কোটি, ডাচ-বাংলা ব্যাংক ৫০ কোটি, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট ২০ কোটি, সাধারণ বীমা করপোরেশন ২০ কোটি ও উত্তরা ব্যাংক ২০  কোটি টাকা।

এছাড়া আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) ও ব্র্যাক ইপিএল  যৌথভাবে ১০০ কোটি টাকা পাবলিক ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলনের নিমিত্তে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে। ইতিমধ্যে পাবলিক ইস্যুর জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক উক্ত বন্ড ইস্যুর বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। পাবলিক ইস্যু সংক্রান্ত যাবতীয় কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।