দুর্নীতি মামলায় পাবনা সদরের সাব রেজিস্ট্রার গ্রেপ্তার

জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের মামলায় সদর উপজেলার সাব-রেজিস্ট্রার ইব্রাহিম আলীকে (৫৮) গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুপুর ৩টার দিকে সদর উপজেলার জেলাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইব্রাহিম ঈশ্বরদী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

দুদক পাবনার উপ-পরিচালক আতিকুর রহমান জানান, ইব্রাহিম ২০০৯ সাল থেকে সদরে সাব-রেজিস্ট্রার পদে কর্মরত। দায়িত্ব পালনকালে তিনি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নিজের ও মেয়ে তানজিলা আফরিনের নামে বিপুল পরিমাণ জ্ঞাত আয়-বহির্ভূত (৩ কোটি ১২ লাখ ৬৫ হাজার ৫০২ টাকা) সম্পদ অর্জন করেন।

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৯২৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে দুদক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তার বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় ২০১৮ সালের ১৫ অক্টোবর মামলা করে দুদক। পরে আদালতের আদেশে গত মার্চে তার দুর্নীতি সংক্রান্ত স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলা জানান, গ্রেপ্তারের পর ইব্রাহিমকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে পাঠানোর জন্য পাবনার সিনিয়র স্পেশাল জজ ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়েছে।