বাড়ছে-কমছে ডেঙ্গু রোগী আরও ৪ জনের মৃত্যু

ডেঙ্গুতে বেসরকারি হিসাবে সারা দেশে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া বাড়া-কমার মধ্যেই আছে নতুন ডেঙ্গু রোগী। গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ১ হাজার ২৯৯

জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে

ভর্তি হয়েছেন। যা আগের ২৪ ঘণ্টার চেয়ে ৪৮ জন বেশি। ওই সময়ে নতুন আক্রান্ত রোগী ছিল ১ হাজার ২৫১ জন। আর তার আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ১ হাজার ২৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে জানা যায়, গতকাল সকাল ৮টা পর্যন্ত তাদের কাছে ১৭৩ জন মৃত্যুর খবর এসেছে। তার আগের দিন এই সংখ্যা ছিল ১৬৯ জন। অর্থাৎ এক দিনে আরও চারজন মৃত্যুর খবর পেয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল সকাল ৮টা পর্যন্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৮৮টি মৃত্যু পর্যালোচনা শেষ করে ৫২ জনকে ডেঙ্গু কারণে মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ৬৬ হাজার ৬৪ জনের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬০ হাজার ৫৬৯ জন। শতকরা হিসাবে যা প্রায় ৯২ শতাংশ। এছাড়া নতুন আক্রান্ত রোগীদের মধ্যে রাজধানীতে ৬০৮ ও ঢাকার বাইরে ৬৯১ জন। অর্থাৎ ঢাকা শহরের চেয়ে ঢাকার বাইরে আক্রান্তের সংখ্যা ৮৩ জন বেশি। এর আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৭৭ ও ঢাকার বাইরে ৬৭৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল।

গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল ৫ হাজার ৩২২ জন। তাদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে ২ হাজার ৯৯৯ ও ঢাকা শহরের বাইরে ঢাকাসহ অন্যান্য বিভাগে ২ হাজার ৩২৩ জন। অর্থাৎ ঢাকার বাইরের চেয়ে ঢাকায় ৬৭৬ জন রোগী বেশি ভর্তি রয়েছে।

 

আরও চারজনের মৃত্যু : আমাদের ঢাকা মেডিকেল ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে সারা দেশে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন শিক্ষার্থীও রয়েছে।

গতকাল সকালে ডেঙ্গুতে জিসান নামে এক স্কুলছাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। জিসান গাজীপুর সিটি করপোরেশনের সামন্তপুর এলাকার ছোট দেওরা অগ্রণী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুফিয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১০টার সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুফিয়া কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামের আবদুর রহিমের স্ত্রী।

ডেঙ্গুতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মাহতাবউদ্দিন (২৪) সোমবার গভীর রাতে মারা গেছেন। তার গ্রামের বাড়ি দিনাজপুরের বিরবলে। ১৮ আগস্ট থেকে মাহতাব ডেঙ্গুতে ভুগছিলেন।

পিরোজপুরের নাজিরপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল ভোরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার সন্তানের জননী মাহামুদা বেগম (৩৫) মারা গেছেন। তিনি উপজেলার মধ্য কলারদোয়ানিয়া গ্রামের আমির হোসেনের স্ত্রী।