সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে। আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করা হতে পারে এ ফলাফল। নিয়োগ পরীক্ষা চার ধাপে হলেও ৬১ জেলার ফল একত্রে প্রকাশ করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে জানা গেছে।
গতকাল মঙ্গলবার ডিপিইর মহাপরিচালক ড. এ এফ এম মঞ্জুর কাদির দেশ রূপান্তরকে বলেন, ‘সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের কাজ শেষ
পর্যায়ে। ৮ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে এ ফল প্রকাশের চিন্তাভাবনা করা হচ্ছে।’ ৬১ জেলার ফল একত্রে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
এবারের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রথম ধাপ গত ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন এবং চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়। গত বছরের ৩০ জুলাই সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়।