পাকিস্তানি সেনার পক্ষ নিয়ে বিতর্কিত অরুন্ধতী

ভারতীয় মানবাধিকারকর্মী ও ঔপন্যাসিক অরুন্ধতী রায়ের এক মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। গত ২২ আগস্ট  সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে অরুন্ধতী রায়কে কাশ্মীর ইস্যুতে কথা বলতে দেখা যায়। ভিডিওতে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘পাকিস্তান রাষ্ট্র গণতান্ত্রিক ভারতীয় রাষ্ট্রের মতো তার সেনাবাহিনীকে নিজের লোকের বিরুদ্ধে কখনো ব্যবহার করেনি।’ মূলত এই মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্কের শুরু।

অরুন্ধতী রায় বলেন, ‘সার্বভৌম জাতি হওয়ার মুহূর্ত থেকেই কাশ্মীর, মনিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, তেলেঙ্গানা, পাঞ্জাব, গোয়া ও হায়দরাবাদে যুদ্ধ করছে ভারত। নিজের জনগণের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করছে। পাকিস্তান রাষ্ট্র গণতান্ত্রিক ভারতীয় রাষ্ট্রের মতো তার নিজের জনগণের বিরুদ্ধে সেনা মোতায়েন করেনি।’

কাশ্মীর ইস্যুতে অরুন্ধতী বলেন, ‘আপনি খেয়াল করলে দেখবেন ভারতীয় রাষ্ট্র উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যাদের বিরুদ্ধে লড়াই করছে, তারা সবাই আদিবাসী। কাশ্মীরে মুসলিমদের বিরুদ্ধে, তেলেঙ্গানায় আদিবাসীদের, হায়দরাবাদে মুসলিমদের, গোয়ায় খ্রিস্টানদের এবং পাঞ্জাবে মুসলিমদের বিরুদ্ধে লড়ছে ভারতীয় রাষ্ট্র। এর ফলে আপনারা উচ্চবর্ণের এই হিন্দু রাষ্ট্র দেখছেনÑ যা অনন্ত যুদ্ধে লিপ্ত।’

কানাডার সাংবাদিক তারেক ফাতাহ অরুন্ধতীর এই ভিডিওটি টুইট করে লিখেন, ‘তিনি (অরুন্ধতী) বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনী কখনো তাদের নিজেদের নাগরিকের বিরুদ্ধে ব্যবহৃত হয়নি। তিনি কী অন্ধ ও বধির ছিলেন, ১৯৭১ সালে যখন পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যায় বাংলাদেশে ৩০ লাখ মানুষ মৃত্যুবরণ করেছিল? তিনি কি বেলুচিস্তানের ব্যাপারে অজ্ঞাত? তিনি আক্ষরিক অর্থে পাকিস্তানের গোয়েন্দাদের রিপোর্ট পড়ছেন।’

অপর এক টুইটার ব্যবহারকারী অরুন্ধতীকে আক্রমণ করে বলেন, ‘তিনি একজন ছদ্মবেশী বুদ্ধিজীবী। পাকিস্তান যখন কাশ্মীরের জন্য ইউএনএসসিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করছে, তখন আলোচনায় থাকার জন্য অরুন্ধতী তার আত্মা বিক্রি করেছেন। সীমান্তের শত্রুদের চেয়ে এসব ছদ্মবেশী বুদ্ধিজীবীদের কাছ থেকে বেশি হুমকি পেয়েছে ভারত।’

অরুন্ধতীর পক্ষ নিয়ে পাকিস্তানি আইনজীবী আয়েশা ইজাজ বলেন, ‘ভারতীয় রাষ্ট্র এবং তার মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করে মন্তব্য করার জন্য অরুন্ধতী রায়কে সম্মান জানাই। একইভাবে যারা পাকিস্তানি রাষ্ট্র এবং তার মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সমালোচনা করে, তাদেরও আমি সম্মান জানাই।’