ঘরের মেঝেতে ছেলের, বারান্দায় ঝুলছিল বাবার লাশ

গাজীপুর মহানগরীর টঙ্গী হাজীবাড়ি এলাকার একটি বাসা থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে ওই বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মো. আবদুল হালিম (৪০) ও তার ছেলে মোহাম্মদ নোমান (৮)।

আবদুল হালিম ফুটপাতে মসলার ব্যবসা করতেন। তিনি পরিবার নিয়ে স্থানীয় শাহজাদা আলমের বাড়ির পাঁচতলায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর বেলাব থানার বটেশ্বর গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, আবদুল হালিম তার স্ত্রী ও চার সন্তান নিয়ে টঙ্গীর হাজীবাড়ি এলাকায় ভাড়া বাসায় বাস করতেন। মঙ্গলবার রাত ৩টার দিকে হালিমের স্ত্রী ইসনাহার বেগম চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে পাশের অন্যান্য ভাড়াটেরা ছুটে আসেন।

এ সময় ঘরের মেঝেতে ছেলে নোমানকে মৃত অবস্থায় পড়ে ছিল। আর বারান্দার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে ছিলেন আবদুল হালিম।

খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আরও জানান, বাবা ও ছেলের মৃত্যুর ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।