দাবি জানিয়ে রাখলেন নাঈম

খুলনায় শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচটা বেশ দারুণ কাটছে বাংলাদেশ ইমার্জিং দলের। প্রথম দিনের মতো বুধবার দ্বিতীয় দিনেও ছিল স্বাগতিক দলের দাপট। এদিন ব্যাটে-বলে আলো কেড়েছেন নাঈম হাসান। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজে দলে থাকার দাবিটা এদিনের পারফরম্যান্সে যেন জানিয়ে রাখলেন তিনি।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে ২৫৯ রানের এগিয়ে বাংলাদেশ ইমার্জিং দল। আগের দিনের ৪ উইকেটে ২৩৩ রান নিয়ে দিন শুরু করে স্বাগতিকেরা। শেষ পর্যন্ত প্রথম ইনিংস থামে ৩৬০ রানে।

এরপর শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫৯ রানে হারিয়ে ফেলেছে ৪ উইকেট। সব কটি উইকেটই নেন নাঈম হাসান। ৪ উইকেটে ১০১ রান করে দিন শেষ করেছে শ্রীলঙ্কা ইমার্জিং দল। প্রোমোদ মাদুওয়ানথা ২১ ও অ্যাশেন বান্দারা ২৩ রানে অপরাজিত আছেন।

এর আগে আগের দিনের ১২৪ রান নিয়ে দিন শুরু করা নাজমুল হোসেন শান্ত থামেন ১৩৩ রানে। তার ২৬৯ বলের ইনিংসে রয়েছে ১৩টি চার ও একটি ছক্কার মার। অনবদ্য ইনিংসটি খেলার পথে আফিফ হোসেনের (৫৪) সঙ্গে ৯৯ রানের জুটি গড়েন নাজমুল। জাকির হাসানের সঙ্গে পঞ্চম উইকেটে গড়েন ৫৫ রানের জুটি।

শান্তর আউট হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৪৯ রান। পরে জাকির (৪৯) ও নাঈম হাসানের (৩৬) ব্যাটে বড় সংগ্রহ পায় স্বাগতিক দল।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে অফ স্পিনার রমেশ মেন্ডিস ৪ উইকেট নেন। ২টি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো ও কালানা পেরেরা।