গাজীপুরের কালিয়াকৈরে জলাশয় থেকে অজ্ঞাতপরিচয় তরুণের ঘাড়ভাঙা, যশোরে গাড়িচালকের গলাকাটা, নড়াইলে কুপিয়ে হত্যার শিকার হাত-পা বাঁধা কলেজছাত্রের এবং কিশোরগঞ্জের ভৈরবে সেতু থেকে পড়ে যাওয়া বাকপ্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
গাজীপুর : কালিয়াকৈরে অজ্ঞাতপরিচয় এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ অফিসের পাশের জলাশয় থেকে ঘাড়ভাঙা অবস্থায় ওই যুবকের বস্ত্রহীন মরদেহ উদ্ধার করে কালিয়াকৈর থানার পুলিশ। মরদেহের পাশে পাওয়া গেছে একটি হাফহাতা সাদা টি-শার্ট ও সবুজ রঙের লুঙ্গি।
কালিয়াকৈর থানার এসআই আতিকুর রহমান রাসেল জানান, এক পথচারী ওই জলাশয়ে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
যশোর : সদর উপজেলার সাতমাইল এলাকায় যশোর-ঝিনাইদহ সড়কের পাশ থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসানুজ্জামান (৪৮) ঝিনাইদহ এলজিইডির গাড়িচালক ছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন।
যশোর সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মুন্সি আনিসুর রহমান জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গলাকাটা ও দড়ি বাঁধা অবস্থায় ওই মরদেহ উদ্ধার করা হয়।
নড়াইল : পৌরসভার উজিরপুর-কলাইতলা গ্রামের সাগর দাসের (২০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে নড়াইল-গোবরা সড়কের ধোপাখোলা এলাকার ব্যাংকার জিল্লুর রহমানের বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাগর বুদোই দাসের ছেলে এবং গোবরা মিত্র কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র ছিলেন। তার ঘাড়ে কোপের চিহ্ন এবং হাত-পা বাঁধা ছিল বলে জানিয়েছেন নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন।
ভৈরব (কিশোরগঞ্জ) : ভৈরবের শিমুলকান্দি সেতু থেকে নদীতে পড়ে যাওয়া আবদুর রহিম (১২) নামে এক বাকপ্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে ডুবুরিদল। রহিম মঙ্গলবার বিকেলে ব্রিজের রেলিংয়ে উঠে বসার সময় অসাবধানতায় নদীতে পড়ে যায়। পরে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল গিয়ে রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে। শিশুটি উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের হানিফ মিয়ার ছেলে বলে জানিয়েছেন ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার।