মামলা করায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

যৌতুকের মামলা করায় মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে ফাতেমা বেগম (২৪) নামে এক গৃহবধূকে গত মঙ্গলবার রাতে কুপিয়ে জখম এবং পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। ওই গৃহবধূ অভিযোগ করেছেন, স্বামীসহ কয়েকজন দুর্বৃত্ত তার ওপর এ হামলা চালিয়েছে। আহত ফাতেমা মাগুরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

ফাতেমার অভিযোগ, একই গ্রামের হুমায়ুনের সঙ্গে ছয় বছর আগে তার বিয়ে হয়। তাদের চার বছরের একটি কন্যাসন্তান আছে। মেয়ের জন্মের পর থেকেই হুমায়ুন তাকে যৌতুকের দাবিতে নানাভাবে নির্যাতন করত। নির্যাতনের শিকার হয়ে তিনি একাধিকবার বাবার বাড়ি চলে যান। পরে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকদের অনুরোধ ও মেয়ের কথা ভেবে তিনি ফিরে আসেন। এরপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। ফাতেমা ফের বাবার বাড়িতে আশ্রয় নেন। গত ৩ আগস্ট স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের মামলা করেন তিনি। এ মামলায় হুমায়ুন ৫ আগস্ট জেলে যায়। ২৭ আগস্ট জামিনে মুক্তি পায়। ওইদিন রাতে ফাতেমা প্রকৃতির ডাকে বের হলে হুমায়ুনসহ একদল দুর্বৃত্ত তার মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে যায়। সেখানে তাকে কুপিয়ে এবং শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।