ঠাকুরগাঁওয়ে ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে বোনের বাড়িতে দাওয়াত খাওয়ার কথা বলে নিয়ে দুই যুবক এক নারীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আরও তিনজন ধর্ষণের চেষ্টা করেছে। এ ঘটনায় জেলার পীরগঞ্জ থানা পুলিশ সবুজ নামে একজনকে গ্রেপ্তার করে গতকাল বুধবার জেলহাজতে পাঠিয়েছে।

পীরগঞ্জ থানার এসআই আবু তালেব জানান, দিনাজপুরের বোচাগঞ্জ থানার বথবারেয়া গ্রামের ফজলুল হকের ছেলে সবুজ তার বোনের বাড়িতে দাওয়াত খাওয়ার কথা বলে এক নারীকে গত সোমবার বৈরচুনা গ্রামের জনৈক শরিফুলের বাড়িতে নিয়ে যায়। রাতে ওই বাড়ির একটি ঘরে আটকে রেখে ওই নারীকে সবুজ ও গৃহকর্তা শরিফুল ধর্ষণ করে এবং আরও তিনজন ধর্ষণের চেষ্টা চালায়। চিৎকার শুনে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে। এ সময় তারা ধর্ষক সবুজকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। পরে ওই নারী ও সবুজকে বৈরচুনা ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। সেখান থেকে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই নারী বাদী হয়ে সবুজ ও শরিফুলসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করে। পুলিশ সবুজকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। এদিকে গতকাল দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বৈরচুনা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন ঘটনার সত্যতা জানিয়ে বলেন, স্থানীয়রা সবুজকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।