‘মুজিব মানে মুক্তি’ নাটকের প্রদর্শনী

বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জে শুরু হয়েছে ‘মুজিব মানে মুক্তি’ নাটকের প্রদর্শনী। গতকাল বুধবার জেলা শিল্পকলা একাডেমি দুদিনের এই প্রদর্শনীর আয়োজন করে।

শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে প্রদর্শনী উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এ সময় গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খন্দকার এহিয়া খালেদ সাদী উপস্থিত ছিলেন।

লিয়াকত আলী লাকীর গ্রন্থনা ও নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা নাটকে অভিনয় করেন। ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তানি শাসন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, পঁচাত্তরের ১৫ আগস্টের হত্যা এতে তুলে ধরা হয়।