ডেঙ্গুতে এ মাসের সর্বনিম্ন আক্রান্ত ১১৫৭

সারা দেশে গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন ও পুরনো ডেঙ্গু রোগী কমেছে। আলোচ্য ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ১ হাজার ১৫৭ জন। যা আগের ২৪ ঘণ্টার চেয়ে ১৪৭ জন কম। গত এক মাসের মধ্যে এক দিনে এটাই সর্বনিম্ন। আর গতকাল সকাল ৮টা পর্যন্ত হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছিল ৫ হাজার ২২২ জন। এর আগের দিন সকাল ৮টায় এই সংখ্যা ছিল ৫ হাজার ৩২২ জন। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আরও চারজন ডেঙ্গু সন্দেহে মৃত্যুর খবর এসেছে। এর মধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৮৮টি মৃত্যু পর্যালোচনা শেষ করে ৫২ জনকে ডেঙ্গু কারণে মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানা যায়। এছাড়া সারা দেশে ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা শহরের ৪১টি হাসপাতালে ভর্তি হয়েছে ৫১১ আর ঢাকা শহরের বাইরে ঢাকা বিভাগসহ অন্যান্য বিভাগে ৬০৬ জন। এর আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল যথাক্রমে ৬০৮ ও ৬৯১ জন। চলতি বছর গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ২২১ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৬১ হাজার ৮২২ জন। সুস্থতার হার ৯২ শতাংশ। বর্তমানে সারা দেশে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা শহরের ৪১টি হাসপাতালে ২ হাজার ৮৮২ জন। আর ঢাকার শহরের বাইরে ঢাকাসহ অন্যান্য বিভাগে ২ হাজার ৩৪০ জন। আক্রান্তের হিসাবে ঢাকার বাইরে রোগী বেশি হলেও সুস্থতার হিসাবে ঢাকার বাইরের রোগীরা দ্রুত সুস্থ হচ্ছে বলে জানায় অধিদপ্তর।

অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি কমার হার প্রায় ১১ শতাংশ। আর সারা দেশে ভর্তি রোগী কমার হার আগের দিনের তুলনায় প্রায় ২ শতাংশ। গত এক সপ্তাহ ধরে নতুন আক্রান্ত রোগী বাড়া-কমার মধ্যে থাকলেও ছাড়পত্রপ্রাপ্ত রোগীর হার ৯০ শতাংশের ওপরই রয়েছে। আর মঙ্গলবারের তুলনায় ঢাকা ও ঢাকার বাইরের রোগী কমার হার যথাক্রমে ৯ ও ১২ শতাংশ।

ঢাকায় নতুন আক্রান্ত রোগীর মধ্যে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে ৯০, মিটফোর্ড হাসপাতালে ৭৩, শিশু হাসপাতালে ২২, সোহরাওয়ার্দী হাসপাতালে ৩৮, মুগদা হাসপাতালে ৫৭, সিএমএইচে ১৪ ও কুর্মিটোলা হাসপাতালে ৪৮ জন ভর্তি হয়েছে। বেসরকারি ক্লিনিকে ১৭৮ জনসহ বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ঢাকার বাইরে ঢাকা বিভাগসহ অন্যান্য বিভাগের ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ১৫৯, চট্টগ্রামে ৯৭, খুলনায় ১৩৮, রংপুরে ১৩, রাজশাহীতে ৬৭, বরিশালে ১০৫, সিলেটে ৯ এবং ময়মনসিংহ বিভাগে ১৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

আরও পাঁচজনের মৃত্যু : আমাদের ঢাকা মেডিকেল ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী ডেঙ্গুতে সারা দেশে আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুন্সীগঞ্জের আরিফুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়। তিনি ঢাকার কদমতলী থানার মুরাদপুর হাই স্কুল রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে রিতু (২০) নামে এক তরুণী ডেঙ্গু আক্রান্তে মারা গেছেন। এক সপ্তাহ আগে ডেঙ্গুজ¦রে আক্রান্ত হন রিতু। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ কালীবাড়ির ইব্রাহিম মোল্লার স্ত্রী। তার এক মাস বয়সী একটি সন্তান রয়েছে বলে জানিয়েছেন দেবর জহিরুল।

ডেঙ্গুতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শাহিদা (৫০) নামে এক নারী মারা গেছেন। শাহিদা পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পশারীবুনিয়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। ডেঙ্গু ছাড়াও তিনি ডায়াবেটিস ও লিভার সমস্যায় ভুগছিলেন।

যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেবেকা বেগম (৫৫) নামে এ নারী মারা যান। তিনি যশোরের মণিরামপুর উপজেলার রাজবাড়িয়া গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী।

ময়মনসিংহ ত্রিশালের দরিরামপুরের হাফিজুল ইসলাম (৩০) নামে এক যুবক মঙ্গলবার গভীর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি পেশায় একজন গার্মেন্টসকর্মী ছিলেন।