সচিবালয়ে তথ্যমন্ত্রী

সম্প্রচারমাধ্যম ডিজিটালাইজেশনে টাস্কফোর্স গঠন হবে

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ইলেকট্রনিক মিডিয়ায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সম্প্রচারমাধ্যম ডিজিটালাইজেশনের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হবে। তিনি বলেন, এই সেক্টরের ডিজিটালাইজেশনের পর দেশের সংবাদমাধ্যম এবং সেখানে কর্মরতদের স্বার্থ সুরক্ষিত হবে।

তথ্যমন্ত্রী গতকাল বুধবার সচিবালয়ে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মী (চাকরি ও শর্তাবলি) আইন খুব শিগগির সংসদে পাঠানো হবে। আইনটি মন্ত্রিসভায় পাঠানোর আগে একটি অথবা দুটি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর এটি সংসদে পাঠানো হবে। তিনি বলেন, আইনটি স্পর্শকাতর হওয়ায় সরকার কিছুটা সময় নিচ্ছে। আইনটির সব দিক যাচাই-বাছাইয়ের পর এটি সংসদে পাস করা হবে। তিনি বলেন, সরকার সম্প্রচারনীতি প্রণয়ন করেছে এবং শিগগির সম্প্রচার আইন পাস করবে। আইনটি পাস করার পর মিডিয়াকর্মীদের স্বার্থে একটি সম্প্রচার কমিশন গঠন করা হবে। তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন পদক্ষেপের ফলে ইলেকট্রনিক মিডিয়া সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে। তবে কোনো অনিয়ম পাওয়া গেলে সরকার ব্যবস্থা নেবে। তিনি বলেন, বিদেশি চ্যানেলগুলোতে বাংলাদেশি বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ করা হয়েছে। বেসরকারি টিভি চ্যানেলগুলোর বর্তমান সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, শিল্পটি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকারের সময়ে গণমাধ্যমের দ্রুত বিস্তার ঘটেছে। তিনি ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর দেশে প্রথমবারের মতো বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন দেন। তথ্যমন্ত্রী একসঙ্গে সবাইকে কাজ করার ব্যাপারে আশা প্রকাশ করে বলেন, আমরা অতীতে যেমন একসঙ্গে কাজ করেছি, আগামীতেও তেমনি একসঙ্গে কাজ করব।