বাংলাদেশের সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন বলিউডের কোনো প্রথম সারির নায়িকা। বহুল আলোচিত ‘মাসুদ রানা’ সিনেমায় দেখা যাবে এ সময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা শ্রদ্ধা কাপুরকে। ‘মাসুদ রানা’ সিরিজের ‘সুলতা’ চরিত্রে তিনি অভিনয় করবেন। গত বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনটাই জানিয়েছে সিনেমার অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এই সিনেমায় অভিনয় করবেন হলিউড তারকা মিকি রুর্কি, গ্যাব্রিয়েলা রাইট, ড্যানিয়েল বেনহার্ট, মাইকেল পেরে এবং রেসলিং তারকা দ্য গ্রেট খালি। আর পরিচালনার দায়িত্ব নিয়েছেন আসিফ আকবর। বাংলাদেশি বংশোদ্ভূত এই পরিচালক হলিউডে ২০০৬ সাল থেকে কাজ করছেন। ১৬টি চলচ্চিত্রের পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে রয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, টেলিভিশন চলচ্চিত্র ও তথ্যচিত্র। নয়টি সিনেমায় তিনি অভিনয়ও করেছেন। যুক্ত ছিলেন কাহিনী ও চিত্রনাট্য লেখা এবং সম্পাদনার সঙ্গেও। তার ‘অ্যাস্ট্রো’ সিনেমাটি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ২০১৮ সালের ৮ জুন। এই একটি সিনেমা দিয়েই হলিউডে পরিচালক হিসেবে নিজের যোগ্যতা আর সম্ভাবনার জানান দেন তিনি।
ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) হিসেবে থাকছেন ‘জেমস বন্ড’ সিরিজসহ হলিউডের আরও অনেক জনপ্রিয় সিনেমার ডিওপি পিটার ফিল্ড। ‘ইনসেপশন’, ‘ব্যাটম্যান’ ও ‘ট্রান্সফরমার’ সিরিজের ফাইট ডিরেক্টর ফিল ট্যান আছেন এই সিনেমাতে। ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ সিরিজের শেষ দুটি সিনেমার চেজিং দৃশ্যগুলো যে টিম করেছে, তারাই ‘মাসুদ রানা’ সিনেমার চেজিং দৃশ্যগুলো ধারণ করবে।
সব বয়সী পাঠকের কাছে সমান জনপ্রিয় চরিত্র ‘মাসুদ রানা’। ‘বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের এক দুর্দান্ত, দুঃসাহসী স্পাই গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ান দেশ- দেশান্তরে।...কোমলে কঠোরে মেশানো নিষ্ঠুর, সুন্দর এক অন্তর। একা। টানে সবাইকে, কিন্তু বাঁধনে জড়ায় না।...’ তবে আধুনিকমনস্ক পাঠককে ঠিকই বাঁধনে জড়িয়েছে মাসুদ রানাÑ বাংলা ভাষায় লেখা স্পাই থ্রিলারের প্রধান চরিত্র। কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি ‘মাসুদ রানা’ ২০১৬ সালের মে মাসে পূর্ণ করছে ৫০ বছর। ‘মাসুদ রানা’র শুরুটা হয়েছিল ১৯৬৬ সালে, ‘ধ্বংস পাহাড়’ দিয়ে। সেই গল্প নিয়েই চলচ্চিত্রটি নির্মিত হবে। ‘মাসুদ রানা’ সিরিজের সিনেমার অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে জানানো হয়েছে, এরই মধ্যে সিনেমার অনেক কিছুই চূড়ান্ত হয়েছে। সিনেমার বাজেট ৮৩ কোটি টাকা। শ্যুটিং হবে মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে। সিনেমাটি তৈরি হবে বাংলা আর ইংরেজিতে। বাংলা ভাষায় মুক্তি পাবে বাংলাদেশ ও ভারতের কলকাতায়। সারা বিশ্বে একযোগে ইংরেজি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।
জাজ মাল্টিমিডিয়া থেকে আরও জানানো হয়েছে, ‘মাসুদ রানা’ চরিত্রে যিনি অভিনয় করবেন, তাকেও চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে তিনি বিদেশের কেউ নন, বাংলাদেশেরই কেউ। এমনকি প্রধান ভিলেনের চরিত্রেও দেখা যাবে বাংলাদেশি কোনো অভিনেতাকে। সিরিজের নিয়মিত চরিত্র ‘রুপা’, ‘কবির চৌধুরী’ ও ‘রাহাত খান’ রূপে কাদের দেখা যাবে, তাও একই সঙ্গে জানানো হবে।
‘মাসুদ রানা’ সিরিজের এই সিনেমার চিত্রনাট্য পরিমার্জন, পরিবর্তন ও পরিবর্ধন করেছেন আবদুল আজিজ, আসিফ আকবর ও নাজিম উদ দৌলা। এরপর হলিউডের পেশাদার স্ক্রিপ্ট রাইটার আর চলচ্চিত্র সমালোচকদের নিয়ে চূড়ান্ত চিত্রনাট্য তৈরি করা হয়েছে।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ছাড়া সহযোগী প্রযোজক হিসেবে থাকছে আরও তিনটি প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের হলিউডের সিলভার লাইন। আগেই জানা গেছে, চলচ্চিত্রের জন্য ‘ধ্বংস পাহাড়’সহ ‘মাসুদ রানা’ সিরিজের তিনটি উপন্যাসের কপিরাইট নিয়েছে জাজ মাল্টিমিডিয়া।