ফের বেড়েছে ডেঙ্গু রোগী, ২৪ ঘণ্টায় ১১৮৯ জন ভর্তি

সারা দেশে আবারও বেড়েছে ডেঙ্গু রোগী। গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৮৯ জন ভর্তি হয়েছে। যা আগের ২৪ ঘণ্টার চেয়ে ৩২ জন বেশি। এ সময়ে ঢাকা শহরে নতুন আক্রান্ত রোগী কমলেও ঢাকার বাইরে বেড়েছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যুর খবর এসেছে। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছর ডেঙ্গু সন্দেহে মৃত্যুর সংখ্যা ১৮০ জনে পৌঁছল। এর মধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৮৮টি মৃত্যু পর্যালোচনা শেষ করে ৫২ জনকে ডেঙ্গুর কারণে মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানা যায়। এছাড়া সারা দেশে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন সাংবাদিকের স্ত্রী রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি আগস্ট মাসের ২৯ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৯ হাজার ৯৫৯ জন। আর চলতি বছর মোট আক্রান্ত হয়েছে ৬৮ হাজার ৪১০ জন। এদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ৬৩ হাজার ২০০ জন। শতকরা হিসাবে ৯২ শতাংশ। আর গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল ৫ হাজার ৩০ জন। এদের মধ্যে ঢাকা শহরে ২ হাজার ৭৮৫ জন এবং ঢাকা শহরের বাইরে ঢাকাসহ বিভিন্ন বিভাগে ২ হাজার ২৪৫ জন। নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকায় ৫২৪ এবং ঢাকা শহরের বাইরে ঢাকাসহ অন্যান্য বিভাগে ৬৬৫ জন আক্রান্ত হয়েছে।

ঢাকায় নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা মেডিকেলে ৭৬, মিটফোর্ড হাসপাতালে ৮৭, শিশু হাসপাতালে ১৩, সোহরাওয়ার্দী হাসপাতালে ৩৪, বিএসএমএমইউতে ২৫, মুগদা হাসপাতালে ৫৬, সিএমএইচে ১৯ ও কুর্মিটোলা হাসপাতালে ৪৪ জন ভর্তি হয়েছে।

ঢাকা শহরের বাইরে ঢাকাসহ অন্যান্য বিভাগের মধ্যে ঢাকা বিভাগে ১৫৫, চট্টগ্রামে ৯৪, খুলনায় ১৮৪, রংপুরে ১৫, রাজশাহীতে ৬৯, বরিশালে ১০৬, সিলেটে ১৩ এবং ময়মনসিংহ বিভাগে ২৯ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

 

আরও তিনজনের মৃত্যু : আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী ডেঙ্গুতে সারা দেশে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজন সাংবাদিকের স্ত্রী, একজন শিশু রয়েছে।

ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারমিন আক্তার নামে এক নারী বুধবার রাতে মারা গেছেন। তিনি শরীয়তপুরের দৈনিক অধিকার পত্রিকার সাংবাদিক জাবেদ শেখের স্ত্রী।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ফরিদপুরের সজীব দাস (২০) নামে এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তিনি ভাঙা উপজেলার নুরুল্লাগঞ্জ গ্রামের শিব শংকর দাসের ছেলে। স্বজনরা জানান, টেকেরহাটের একটি মুদি দোকানে কর্মচারী সজীব জ¦রে আক্রান্ত হয়ে বাড়িতে এসে স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেও শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল ভোরে তার মৃত্যু হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত মনীষা নামে ১২ বছরের এক শিশু বৃহস্পতিবার ভোরে মারা গেছে। মনীষা দিনাজপুরের বোচাগঞ্জের মকবুল হোসেনের মেয়ে। হাসপাতাল সূত্র জানায়, শিশুটি ২৬ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেলে ভর্তি হয়। অবস্থা আশঙ্কাজনক হলে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল।