জাতীয় সংসদের কার্যক্রম নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে প্রতিবেদন প্রকাশ করেছে তা সম্পূর্ণ একপেশে ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল বাংলাদেশ ন্যাশনাল পার্টি (তৃণমূল বিএনপি)।
গত বুধবার টিআইবি প্রকাশিত ‘পার্লামেন্টওয়াচ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দশম জাতীয় সংসদের ২৩টি অধিবেশনে কোরাম সংকটে ১৯৪ ঘণ্টা ৩০ মিনিট অপচয় হয়েছে; যার আর্থিক মূল্য ১৬৩ কোটি ৫৭ লাখ ৫৫ হাজার ৩৬৩ কোটি টাকা।
তথ্যমন্ত্রী বলেন, ‘দুর্নীতি-অনিয়মের অভিযোগ এনে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দেয় বিশ্বব্যাংক। এ নিয়ে টিআইবি দুর্নীতি-অনিয়মের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছিল। অথচ কানাডার আদালত থেকে প্রমাণিত পদ্মা সেতুতে কোনো অনিয়ম হয়নি। কিন্তু ভুল তথ্য দিলেও টিআইবি জাতির কাছে ক্ষমা চায়নি। এবারও তারা জাতীয় সংসদ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, যা কোনো সঠিক তথ্যের ভিত্তিতে করা হয়নি। ভুল প্রতিবেদন প্রকাশে তাদের উচিত ছিল জাতির কাছে ক্ষমা চাওয়া।’
তিনি আরও বলেন, ‘টিআইবি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনগুলোতে ভুল থাকে। আমরা সমালোচনা চাই, সমালোচনা সঠিক কাজ করতে সহায়তা করে। কিন্তু আমরা একপেশে সমালোচনা চাই না; যার দ্বারা জাতি বিভ্রান্ত হবে, গণতন্ত্র ধূলিসাৎ হবে।’
টিআইবির উদ্দেশে তিনি বলেন, ‘আমি আশা করব, টিআইবি সঠিক তথ্য প্রকাশ করবে এবং তাদের ভুল তথ্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইবে।’
তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কো-চেয়ারম্যান কে এ জাহাঙ্গীর মজুমদার, বিএনএ মহাসচিব মেজর (অব.) হাবিবুর রহমান, তৃণমূল বিএনপির মহাসচিব ব্যারিস্টার আকবর আমিন বাবুল প্রমুখ।