রাজধানীর রায়েরবাগে রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুদু মিয়া (৪৪) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এদিন সাভারের কবিরপুর এলাকায় দুই বাসের মাঝে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
দুদু মিয়াকে হাসপাতালে নিয়ে আসা আবদুল আজিজ জানান, দুপুরে রায়েরবাগে রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে সাভারের কবিরপুরে দাঁড়িয়ে থাকা দুটি দূরপাল্লার বাসের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি বাস ধাক্কা মারলে জাহাঙ্গীর (৩৫) ও জলিল (৩০) নিহত হন। দুর্ঘটনায় আহত দুজনকে স্থানীয় হাসপাতালে
ভর্তি করা হয়েছে। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি পাবনায়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ভোরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহাদ পরিবহনের একটি দূরপাল্লার বাস কবিরপুর বেতার কেন্দ্রের সামনে পৌঁছলে বিকল হয়ে যায়। এ সময় আহাদ পরিবহনের আরেকটি বাস সেটিকে রশি বেঁধে টেনে নেওয়ার চেষ্টা করছিল। এ সময় বাসের স্টাফ জাহাঙ্গীর ও জলিলসহ আরও দুজন পেছনে ছিলেন। একপর্যায়ে পেছন থেকে আসা এসআর প্লাস পরিবহনের দূরপাল্লার একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে জাহাঙ্গীর ও জলিল দুই বাসের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। গাজীপুর সালনা হাইওয়ে থানার ওসি মজিবুর ইসলাম জানান, এসআর প্লাস পরিবহনের বাসটি আটক করা গেলেও চালক পালিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।