আলোচনা সভায় ফখরুল

মন্ত্রীরা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন

সরকারের মন্ত্রীরা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘গত কয়েক দিন ধরে জবরদখলকারী সরকারের মন্ত্রী, বিশেষ করে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য শুনে মনে হয়, তারা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। রোহিঙ্গা সমস্যার জন্য তারা বিএনপিকে দোষারোপ করছেন।’ 

গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এই অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘একটি অনৈতিক ও অনির্বাচিত সরকারের নৈতিক শক্তি থাকে না। রোহিঙ্গা ইস্যুতে আজকে বাংলাদেশ সারা বিশে^ বন্ধুহীন হয়ে পড়েছে। অথচ পররাষ্ট্রমন্ত্রী বলে বেড়ান ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নাকি স্বামী-স্ত্রীর। রোহিঙ্গা ইস্যুতে চীন নাকি আমাদের সঙ্গে নেই।’

তিনি বলেন, ‘আজকের আওয়ামী লীগ আগের সেই আওয়ামী লীগ নেই। আজকে তাদের হাত মানুষের রক্তে রঞ্জিত। এ দলটি একটি ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। আজকে তাদের রাজনীতি সম্পূর্ণভাবে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি।’ 

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে কাজী নজরুল ইসলাম ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রাসঙ্গিক। কাজী নজরুল আজীবন সাধারণ মানুষের মুক্তির জন্য অসাম্প্রদায়িক সংগ্রাম করেছেন। জিয়াউর রহমান দেশের স্বাধীনতার জন্য রণক্ষেত্রে যুদ্ধ করেছেন। দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।’ 

জাসাস সভাপতি ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন আবৃত্তিশিল্পী নাসিম আহমেদ, কবি আব্দুল হাই শিকদার, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, সাধারণ সম্পাদক হেলাল খান প্রমুখ।