চাঁদপুরে ইমামের কক্ষ থেকে ৩ শিশুর লাশ উদ্ধার

মতলব দক্ষিণ উপজেলার পূর্ব কলাদি জামে মসজিদের ইমামের কক্ষ থেকে তিন শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বাদ জুমা তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, খাবারে বিষক্রিয়া বা অক্সিজেন স্বল্পতার কারণে তাদের মৃত্যু হতে পারে।

শিশুরা হলো ওই মসজিদের ইমাম মাওলানা জামাল উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল নোমান (৫), মতলব উত্তর উপজেলার নলুয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে রিফাত হোসেন (১৫) ও বরগুনার নাটশাল গ্রামের কামাল পাটওয়ারীর ছেলে মো. ইব্রাহিম (১২)। রিফাত ও ইব্রাহিম মতলব দক্ষিণের ভাঙ্গারপাড় মাদ্রাসার ছাত্র। এক সপ্তাহ আগে রিফাত ওই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব নেয়।

পুলিশ জানায়, ছেলে নোমানকে রেখে নামাজ পড়াতে যান ইমাম। এ সময় রিফাত ও ইব্রাহিম রুমে গিয়ে খেলা করতে থাকে। নামাজ শেষে কক্ষে প্রবেশ করতে গেলে দরজা ভেতর থেকে বন্ধ পান ইমাম ও মুসল্লিরা। পরে বাইরে গিয়ে জানালা দিয়ে দেখেন তিনজন অচেতন অবস্থায় পড়ে আছে। দরজা ভেঙে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার জিহাদুল কবির। তিনি জানান, তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, খাবারে বিষক্রিয়া বা অক্সিজেন স্বল্পতার কারণে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।