গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল হাসান জিকুর ওপর ফের হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর পৌরসভা এলাকায় বাড়ির পাশে এ হামলার ঘটনা ঘটে। এর আগে গত ২২ আগস্ট রাতেও তার ওপর হামলার ঘটনা ঘটেছিল।
বৃহস্পতিবার রাতের ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলোÑ মারুফ (১৮), রাসেল (৩৮), মাসুম (২৮)। জিকু জানান, রাতে শ্রীপুর বাজার থেকে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় ওয়াসিমের নেতৃত্বে ১৫-২০ জন দুর্বৃত্ত লোহার পাইপ, রড, হকিস্টিক নিয়ে তার ওপর হামলা চালায়।
এ ব্যাপারে জিকুর চাচা মঞ্জুরুল আলম বাদী হয়ে যুবলীগ কর্মী হাবিবুর রহমান জুয়েল, আশরাফুল আলম ওয়াসিমসহ ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন।
মামলার বরাত দিয়ে শ্রীপুর থানার ওসি (তদন্ত) আক্তার হোসেন জানান, ওই ঘটনায় একটি মামলাও দায়ের করেছিলেন জিকু। পরে মামলার আসামিরা জামিনে ছাড়া পান।