শ্লীলতাহানির চেষ্টা করে জুতাপেটা খেল পুলিশ

রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় শ্লীলতাহানির অভিযোগে পুলিশের কনস্টেবলকে জুতাপেটা করেছেন এক নারী। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকের এ ঘটনায় সাব্বির হোসেন (৩০) নামের পুলিশ সদস্যকে আটকের পর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পবা থানায় কর্মরত কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনার সময় তিনি মাদকাসক্ত ছিলেন কি না, তা নিশ্চিতে করা হবে ডোপ টেস্ট।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, সাব্বির হোসেন লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায় একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন। তিনি মাঝেমধ্যেই ওই এলাকায় আড্ডা দেওয়ার সময় নারীদের উত্ত্যক্ত করতেন। গত বৃহস্পতিবার রাতে গরমের কারণে স্থানীয় এক নারী ওই এলাকায় হাঁটাহাঁটি করছিলেন। সাব্বির ওই নারীর শরীরে হাত দেওয়ার পাশাপাশি কটূক্তি করেন। ওই সময় ওই নারী তাকে জুতা দিয়ে পিটিয়ে চিৎকার শুরু করেন। এতে আশপাশের কয়েকজন নারী ও পুরুষ এগিয়ে এলে পালিয়ে বাসায় ঢুকে যান সাব্বির। কিন্তু এলাকার লোকজন বাড়িটি ঘিরে ফেললে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশের একটি দল ওই বাড়িতে গিয়ে সাব্বিরকে আটক করে থানায় নিয়ে যায়।

ওই সময় সাব্বির মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ করেন স্থানীয় কয়েকজন। তাদের অভিযোগের ভিত্তিতে ‘ডোপ টেস্ট’ করানোর জন্য রাত ১১টার দিকে তাকে রাজশাহীর লক্ষ্মীপুর এলাকার একটি রোগনির্ণয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে কেন্দ্রটি বন্ধ হয়ে গিয়েছিল।

আরএমপির অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, কনস্টেবলের বিরুদ্ধে স্থানীয়দের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তাকে থানা থেকে রাতেই প্রত্যাহার করে পুলিশ লাইনে রাখা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ডোপ টেস্ট করা হবে।