দুবাইয়ে সবুজ মরূদ্যান বানাচ্ছে সিঙ্গাপুর

দুবাইকে আপনি অসংখ্য বিশেষণে বিশেষায়িত করতে পারবেন। কিন্তু সুজলা-সুফলা বলতে পারবেন না কোনো মতেই। তবে আরব আমিরাতের এই মরুর শহরকে কীভাবে মরূদ্যানের শহর বানানো যায়, তার একটি মডেল তৈরি করছে সিঙ্গাপুরের একটি স্থাপত্য প্রতিষ্ঠান। ২০২০ সালে দেশটিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপোতে সিঙ্গাপুরের প্যাভিলিয়নটাই একটি কৃত্রিম মরূদ্যান হিসেবে তৈরি করবে তারা।  

দুবাই ডাউন টাউন থেকে গাড়িতে ৩০ মিনিটের দূরত্বে ওয়ার্ল্ড এক্সপোর ‘টেকসই অঞ্চলে’ প্রায় দেড় হাজার বর্গমিটারের প্যাভিলিয়নটি তৈরি করবে হুয়া নামের প্রতিষ্ঠানটি। সিঙ্গাপুরের নগর পুনঃউন্নয়ন কর্র্তৃপক্ষ আরবের মরুর বুকে কৃত্রিম মরূদ্যান তৈরির বাস্তবতার সমীক্ষাও করছে প্রকল্পটির মাধ্যমে। এক্ষেত্রে সফলতা এলেই মরুভূমির বুকে সুজল-সুফলা শহর বাস্তব হয়ে উঠবে। 

পরিকল্পনা অনুযায়ী সিঙ্গাপুর প্যাভিলিয়ন হবে গাঢ় এবং ত্রিমাত্রিক সবুজ অঞ্চল। মোটাদাগে বলতে গেলে, বাগানের মধ্যে তৈরি সবুজ শহর। প্যাভিলিয়নটির নিচতলায় সবুজ গাছগাছালির মধ্যে হাঁটতে পারবেন দর্শনার্থীরা। এ ছাড়া ওপরের তলাগুলোতে ঘুরতে ঘুরতে ঝুলন্ত উদ্যানের স্বাদ পাবেন তারা। কিন্তু কীভাবে সবুজ হয়ে উঠবে মরুর বুক? কোথা থেকে আসবে পানি? তীব্র গরমের এই এলাকায় কীভাবে সত্যি হবে এই স্বপ্ন?

হুয়ার সহপ্রতিষ্ঠাতা ওয়াং মুন সাম জবাব দিয়েছেন এসব প্রশ্নের। তিনি বলেন, কীভাবে বিশ্বের সবুজতম নগর হওয়া যায় তার অনেক নিদর্শনই সিঙ্গাপুর ইতিমধ্যে দেখিয়েছে। ওয়ার্ল্ড এক্সপোতে আমরা আমাদের সেসব জ্ঞান ও সৃজনশীলতারই শেয়ার করতে যাচ্ছি। আমরা বিশ্বকে দেখিয়ে দিতে যাচ্ছি যে, পৃথিবীর যেকোনো জায়গাই মরূদ্যান বানানো যায়। শুধু তাই নয়, তৈরির পর শহরটি নিজের মতো করেই টিকে থাকবে। 

তিনি জানান, প্যাভিলিয়নটির পানি আসবে সাগর থেকেই। তবে বহুমুখী সোলার প্রযুক্তির মাধ্যমে সেই পানি লবণমুক্ত করে পরিকল্পিত গাছপালার সেচের কাজ চালানো হবে। পাশাপাশি অতিরিক্ত তাপ থেকে বাঁচতে থাকবে ঝুলন্ত ছাদ। শুধু তাই নয়, সেখানে টানা ছয় মাস বাইরের কোনো শক্তি ছাড়াই চলবে সব কার্যক্রম।

ওয়াং মুন সাম জানান, ‘প্রকৃতি। প্রকৃতি। ভবিষ্যৎ’ এই মন্ত্রে উজ্জীবিত হয়েই তারা এমন ধরনের উদ্যোগ নিয়েছেন।

এদিকে এক্সপোর আয়োজকদের পক্ষ থেকে প্যাভিলিয়নের পরিকল্পনাটিকে স্বাগত জানানো হয়েছে। তারা আশা করছে, সিঙ্গাপুরের এই প্রদর্শনী বিশ্বের অন্য শহরগুলোর জন্যও দৃষ্টান্ত হতে পারে।