চট্টগ্রামের বাঁশখালীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মালয়েশিয়া ফেরত মো. ইরান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। র্যাবের দাবি, গতকাল ভোরে উপজেলার ছড়ারকুল এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে চুয়াডাঙ্গার দামুড়হুদার কাঁঠালতলায় পুলিশ ও দুই দল মাদক কারবারির ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধে’ রোকনুজ্জামান রোকন (৩৫) নামে আরেক যুবক নিহত হন। পুলিশ বলছে, উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুরের আবু বক্কর সিদ্দিকীর ছেলে রোকন মাদক কারবারি ছিলেন। তবে পরিবারের দাবি, বৃহস্পতিবার বিকেলে সাদা পোশাকের কয়েকজন রোকনকে গ্রেপ্তার করে। পরে রাতে ক্রসফায়ারের মিথ্যা গল্প সাজানো হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরÑ
চুয়াডাঙ্গা : দামুড়হুদা থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার জয়রামপুর কাঁঠালতলা এলাকার একটি বাঁশবাগানে আধিপত্য নিয়ে দুই দল মাদক কারবারিদের মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে পুলিশ গেলে দু’পক্ষই গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। আধা ঘণ্টাব্যাপী গোলাগুলির পর মাদক কারবারিরা পিছু হটে। পরে সেখান থেকে রোকনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, দুটি কার্তুজ, এক বস্তা ফেনসিডিল ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, মাদক, চোরাচালান, ডাকাতি ও অপহরণসহ ১০টি মামলা রয়েছে।
রোকনের মা স্থানীয় আল হেরা ইসলামি একাডেমির শিক্ষিকা রুশিয়া পারভীনের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে সাদা পোশাকের কয়েকজন রোকনকে দক্ষিণ চাঁদপুর গ্রামের একটি আমবাগান থেকে ধরে নিয়ে যায়। এরপর থেকেই রোকন নিখোঁজ হয়। তার সন্ধানে দামুড়হুদা থানায় গেলে জানানো হয়, এ নামে কাউকে আটক করা হয়নি। কিন্তু গভীর রাতে ক্রসফায়ারের মিথ্যা গল্প বানিয়ে তাকে হত্যা করা হয়েছে। অভিযোগকে ভিত্তিহীন দাবি করে পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, রোকন জেলা পুলিশের মোস্ট ওয়ানটেড শীর্ষ মাদক কারবারি ছিলেন। নিজেদের মধ্যে গোলাগুলিতেই তিনি নিহত হন।
চট্টগ্রাম : বাঁশখালী উপজেলার ছড়ারকুল এলাকায় শুক্রবার ভোরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ইরান জঙ্গল চাম্বল এলাকার সাবেক মেম্বার সিরাজ ফকিরের ছেলে। র্যাবের দাবি, ইরান ডাকাতিসহ একাধিক মামলার আসামি ছিলেন।
বাঁশখালী থানার ওসি (তদন্ত) মো. কামাল উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে কয়েকজন ছড়ারকুল এলাকায় অপরাধ কর্মকাণ্ড করবে এমন খবরে র্যাব-৭ এর সদস্যরা সেখানে অবস্থান নেয়। ভোরে উপস্থিতি টের পেয়ে ইরানের লোকজন গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় র্যাব। এতে ঘটনাস্থলে ইরান মারা যান এবং অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি বিদেি পিস্তল, ১৩টি অস্ত্রসহ বেশ কয়েকটি দা-চুরি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।