কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শিবিরের দুর্ধর্ষ রোহিঙ্গা ডাকাত নুর মোহাম্মদ (৫২) গ্রেপ্তার হয়েছে। সহযোগী আমানুল্লাহসহ তাকে গ্রেপ্তার করে টেকনাফ পুলিশ।
গ্রেপ্তার নুর মোহাম্মদ টেকনাফের যুবলীগ নেতা উমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি।
সূত্র জানায়, শনিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। নুর মোহাম্মদ গ্রেপ্তার এড়াতে পুলিশকে ‘এক কোটি টাকা’ দিতে চেয়েছিল বলে সংশ্লিষ্টরা জানান।
নুর মোহাম্মদ এবং আমনুল্লাহ চাঞ্চল্যকর ফারুক হত্যা মামলার এজাহারনামীয় আসামি। যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার তিন রোহিঙ্গা আসামি ইতিমধ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রাণ হারিয়েছে।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ‘২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ভেস্তে যাওয়ার রাতে যুবলীগ নেতা ওমর ফারুক খুন হন। তাকে তুচ্ছ ঘটনার জের ধরে নুর মোহাম্মদের লোকজন খুন করে। টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, আমার ইউনিয়নের উলুচামিরা নামক পাহাড়ি এলাকায় ডাকাতদের ভোজের দাওয়াত দিয়ে কৌশলে গ্রেপ্তার করে পুলিশ। এসব ডাকাত একদিকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিরোধী কাজে জড়িত অন্যদিকে এলাকায় ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও ইয়াবা কারবার করছে।