উখিয়ায় দুই পক্ষের গোলাগুলিতে সন্ত্রাসী নিহত

আপডেট : ০৬ মে ২০২৬, ০৫:২৩ পিএম

কক্সবাজারের উখিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে মোহাম্মদ কামাল নামের এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছেন।

বুধবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার পালংখালি ইউনিয়নের ১নং ওয়ার্ডের বালুখালীর ঝুমের ছড়া এলাকায় এঘটনা ঘটে। 

নিহত যুবক আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) বা নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেনের ছোট ভাই।

৮ম আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বালুখালিতে  ক্যাম্পের বাইরে দুই রোহিঙ্গা গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে নবী হোসেনের ভাই নিহত হয়েছেন। 

তবে কি কারণে কোন গ্রুপের সাথে এই গোলাগুলির ঘটনা তা এখনো জানা সম্ভব হয়নি। ঘটনার বিস্তারিত জানতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। 

কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নায়েক সাইফুল ইসলাম বলেন,  নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তবে উখিয়া থানা (বিকাল ৫ টা পর্যন্ত)  এই ঘটনার বিষয়ে অবহিত নন বলে জানিয়েছেন ওসি নূর আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত