সাতকানিয়ায় ইয়াবাসহ চার রোহিঙ্গা গ্রেপ্তার

আপডেট : ০৪ মে ২০২৬, ০৯:৩৪ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ায় সাড়ে ১৯ হাজার পিস ইয়াবাসহ চার রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-১৫। 

রবিবার (৩ মে) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মিঠাদিঘী টাইম ক্যাফে এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রোহিঙ্গা নাগরিকরা হলেন—জিয়াউর রহমান (৩৫), মো. সাকের (২৮), আবু তৈয়ব (৩৫) ও জাফর মিয়া (৪০)।

র‍‍্যাব-১৫ বান্দরবান ক্যাম্প জানায়, মাদক পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার ঠাকুরদিঘী ও মিঠাদিঘী এলাকায় চেকপোস্ট বসানো হয়। পরে একটি হানিফ পরিবহনের বাসে সন্দেহজনক চারজনকে তল্লাশি করলে প্রাথমিকভাবে তারা পেটের ভেতরে ইয়াবা বহনের কথা স্বীকার করে।

পরবর্তীতে তাদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। এক্স-রে ও নিবিড় পর্যবেক্ষণের পর তাদের পেট থেকে পায়ুপথে নির্গত ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ১৯ হাজার ৫০০ পিস।

র‍‍্যাব জানায়, আটকরা বিশেষ কৌশলে ইয়াবাগুলো ছোট ছোট পলিথিনে প্যাকেট করে টেপ দিয়ে মুড়িয়ে গিলে পেটে জমা রাখত। পরে নির্দিষ্ট স্থানে পৌঁছে তা মলত্যাগের মাধ্যমে বের করে সরবরাহ করত। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা যাত্রীবাহী বাস ব্যবহার করত।

র‍‍্যাব-১৫ সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মেহেদী আলম বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এই পদ্ধতিতে মাদক পাচারের সঙ্গে জড়িত এবং নিয়মিতভাবে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত