‘ঋণ শোধ নিয়ে বাবার সঙ্গে রাগ করে’ সৌদিফেরত ছেলের আত্মহত্যা

মাদারীপুর সদর উপজেলায় বাবার সঙ্গে রাগ করে শামীম হাওলাদার (২৩) নামে এক সৌদি আরব ফেরত যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার মস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে। তার বাবার নাম আলম হাওলাদার।

পারিবারিক সূত্রে জানা যায়, শামীমের বাবা আলম হাওলাদার ধারদেনা করে ছেলেকে সৌদি আরব পাঠান। কিন্তু সেখানে কয়েক বছর থাকার পর কয়েক মাস ধরে সমস্যা দেখা দেওয়ায় বাড়িতে চলে আসেন। তবে ধারদেনা এখনো পরিশোধ না হওয়ায় শামীম অটো চালানো শুরু করেন, কিন্তু মাঝে মাঝে গাড়ি চালানো বন্ধ রাখতেন।

এদিকে ধারদেনার চাপের জেরে সকালে আলম হাওলাদার বাড়ির কাজকর্ম নিয়ে শামীমকে বকুনি দেন। তখন ছেলের উপর অভিমান করে শামীমের বাবা-মা বাড়ি থেকে চলে যান।

বাড়িতে কেউ না থাকার সুযোগে বসতঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। বাড়ির অন্য ভাড়াটিয়া জানালা দিয়ে দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে অচেতন অবস্থায় শামীমকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাওগাতুল আলম বলেন, ঘটনাটি শোনার পর আমরা পুলিশ পাঠিয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।