এসিডে চোখ ঝলসে দেওয়ায় ১০ জনের যাবজ্জীবন

গোয়াইনঘাট উপজেলায় এসিড দিয়ে দুই ব্যক্তির চোখ ঝলসে দেওয়ার মামলায় ১০ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল রবিবার এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান এই রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন আবদুস সালাম, নুরুল মিয়া, আলতাফ মিয়া, শামসুল ইসলাম, আবদুর রহিম, আয়াত উদ্দিন, মাসুক মিয়া, মোহাম্মদ আলী, আবদুর রশিদ ও রুবেল মিয়া। এদের মধ্যে রুবেল মিয়া পলাতক এবং অন্যরা কারাবন্দি রয়েছেন। রায় ঘোষণার সময় ৯ আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৬ মার্চ সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার উত্তর রাউতগ্রামের আজির উদ্দিন ও আলা উদ্দিনকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। তারা বাড়িঘর ভাঙচুর করে এবং আজির উদ্দিন ও আলা উদ্দিনকে বেদম পিটিয়ে তাদের চোখে এসিড নিক্ষেপ করে। এতে তাদের চোখ চিরতরে নষ্ট হয়ে যায়।

আদালতের এপিপি শামসুল ইসলাম জানান, মামলার ২৮ সাক্ষীর মধ্যে ১৭ জন সাক্ষ্যপ্রদান করেন। এদের মধ্যে ১৪ জনই প্রত্যক্ষদর্শী সাক্ষী। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত মামলার ১০ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে।