কেরানীগঞ্জে বিপুল পরিমাণ সরকারি বই নিয়ে উল্টে গেছে একটি ট্রাক। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন ঢাকা-নবাবগঞ্জ সড়কের দেওসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে সড়কের পাশের খাদের পানিতে পড়ে বিপুল পরিমাণ বই নষ্ট হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
জানা যায়, আগামী বছর স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বিতরণের জন্য ইতিমধ্যে বই প্রস্তুত শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিভিন্ন শ্রেণির ২০২০ সালের জন্য মুদ্রিত প্রায় ৯১ হাজার বই নিয়ে ট্রাকটি গাজীপুরের চন্দ্রা থেকে ঢাকার দোহারের উদ্দেশে রওনা হয়। কেরানীগঞ্জের দেওসুর এলাকায় এলে সামনের চাকা খুলে গিয়ে ট্রাকটি উল্টে যায়।
বইয়ের সঙ্গে থাকা প্রেসের কর্মচারী মো. শামীম জানান, বইগুলো দোহার শিক্ষা অফিসে নেওয়া হচ্ছিল। পথে দুর্ঘটনার শিকার হয়। ভালো বইগুলো অন্য ট্রাক দিয়ে দোহারে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সব বই না তুলে বলা যাবে না কী পরিমাণ ক্ষতি হয়েছে। তবে বেশ কিছু বই ভিজে গেছে।