গুরুত্বপূর্ণ জেলায় ভিআইপি প্রটোকলের জন্য যানবাহন সরবাহের উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যে দেশের ছয়টি জেলায় এ সংক্রান্ত যানবাহন সরবরাহের ব্যাপারে প্রাথমিক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসক সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে সুপারিশ আসার পর বিষয়টি নিয়ে কাজ শুরু করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সাত সদস্যের এ কমিটির আহ্বায়ক করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) দুলাল কৃষ্ণ সাহাকে। কমিটির অন্য সদস্যরা হলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মুদ্রণ ও পরিবহন) এ এফ এম হায়াতুল্লাহ, যুগ্ম সচিব মুনিমা হাফিজ, সিনিয়র সহকারী সচিব মো. কায়ছারুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব হায়াত মো. ফিরোজ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরী, সরকারি যানবাহন অধিদপ্তরের পরিচালক মো. শাহজাহান আলী।
জানতে চাইলে কমিটির আহ্বায়ক জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দুলাল কৃষ্ণ সাহা গতকাল রবিবার দেশ রূপান্তরকে বলেন, জেলা প্রশাসকদের চাহিদা অনুযায়ী গুরুত্বপূর্ণ জেলায় ভিআইপি প্রটোকলের জন্য যানবাহন দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে একটি কমিটি কাজ করছে। জেলা প্রশাসকদের কাছ থেকে চাহিদা চাওয়া হয়েছে। তাদের চাহিদার যৌক্তিকতা যাচাই করে কমিটি একটি সুপারিশ পেশ করবে। এরপর যথাযথ কর্তৃপক্ষ যানবাহন সরবরাহ করবে।’
জানা যায়, দেশের গুরুত্বপূর্ণ জেলায় ভিআইপি প্রটোকলের জন্য যানবাহন সরবরাহের কাজ শুরু করেছে এ সংক্রান্ত কমিটি। গত ২৯ আগস্ট একটি সভা করে গুরুত্বপূর্ণ জেলার তালিকা, গাড়ির সংখ্যা, সরবরাহের যৌক্তিকতা নির্ধারণ করতে কাজ করছে উচ্চ পর্যায়ের এ কমিটি। ইতিমধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, রাঙ্গামাটি ও খাগড়াছড়িসহ বেশকিছু জেলায় গাড়ি সরবরাহ করতে বিস্তারিত চাহিদা উল্লেখ করে প্রতিবেদন পাঠাতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে। তারা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে কমিটির কাছে প্রতিবেদন পাঠাবেন। এরপর এ কমিটি সরকারি যানবাহন অধিদপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় যানবাহন সরবরাহ করবে বলে জানা যায়।