রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে পুলিশের ওপর হাতবোমা হামলার ঘটনার প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘টার্গেট নিঃসন্দেহে পুলিশ। হতে পারে এরা ছোটখাটো ঘটনা দিয়ে “টেস্ট কেইস” করতে চাচ্ছে, বড় ধরনের কোনো হামলা করার জন্য, তার পূর্বপ্রস্তুতিও হতে পারে ।’ গতকাল রবিবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমি পুলিশের আইজি ও কমিশনারের সঙ্গে কথা বলেছি। তারা নিশ্চিত করেছেন, মন্ত্রী এখানে টার্গেট ছিল না। এ ধরনের ছোটখাটো ঘটনার মাধ্যমে এখন পুলিশ টার্গেট, পরবর্তীকালে মন্ত্রী-এমপিরা টার্গেট হবে না, এমন তো নয়, হতেও তো পারে।’ জঙ্গি তৎপরতা তো অবশ্যই আছে মন্তব্য করে তিনি বলেন, দুর্বল হয়েছে, কিন্তু নিষ্ক্রিয় হয়েছে মনে করার কারণ নেই। এখন পৃথিবীর সব দেশেই ঘটছে এমন ঘটনা। ওবায়দুল কাদের বলেন, এর আগে মালিবাগে, গুলিস্তানে একই ধরনের ঘটনা ঘটেছে, রিমোর্ট কন্ট্রোলড বোমা।
এসব হামলার পর সাইট ইন্টেলিজেন্সের মাধ্যমে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস দায় স্বীকার করে। বাংলাদেশে আইএসের অস্তিত্ব রয়েছে কি না, এমন প্রশ্নে কাদের বলেন, ‘আমাদের মোটরযান আইন বলে কোনো আইন নেই, এ আইনের নামে গুজব রটানো হচ্ছে যে বিভিন্ন বিষয়ে জরিমানা বাড়ানো হচ্ছে, এটা আসলে সড়ক পরিবহন আইন। আইএসের নামেও অপপ্রচার চলছে কি না, তা নিশ্চিত না হয়ে বলতে পারছি না।’ জঙ্গি দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেই তিনি বলেন, ‘জঙ্গি দমনে ট্র্যাক রেকর্ড ভালো, তবে এ বিষয়টি (সাম্প্রতিক হামলা) তারা আমার মনে হয় উদঘাটন করতে পারেনি।’
আসামের ঘটনা পর্যবেক্ষণ করছি : আসামে ১৯ লাখ মানুষকে নাগরিকত্বের তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার সতর্ক রয়েছে এবং বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কাদের বলেন, ‘আসাম আমাদের একেবারে নিকটতম প্রতিবেশী, কাজেই আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। তবে বিষয়টি একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয়।’
তিনি বলেন, ‘আমরা এটা পর্যবেক্ষণ করছি এই কারণে যে যাচাই-বাছাইয়ের একটা প্রক্রিয়া আছে, উচ্চ আদালতে আপিলের একটা সুযোগ আছে। বিষয়টি সম্পর্কে এই মুহূর্তে চূড়ান্ত মন্তব্য করার কোনো সুযোগ নেই।’
ওয়েজ বোর্ড : সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ডের সুপারিশ মন্ত্রিসভায় কেন পাস হচ্ছে না এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা ক্যাবিনেটে পাস করার কোনো বিষয় নয়। এটা প্রধানমন্ত্রীর কাছে সামারি আকারে যাবে, সেটা রেডি হচ্ছে। যেকোনো দিন প্রধানমন্ত্রীর কাছে যেতে পারে। সেখান থেকেই সিদ্ধান্ত আসবে।
কাউন্সিল : আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের জাতীয় সম্মেলন অক্টোবরেই হওয়ার কথা। নিয়মানুযায়ী তিন বছরে ত্রিবার্ষিক সম্মেলন। অক্টোবরে এখনো ঠিক আছে। আমরা তো পরিবর্তন করিনি। পরিবর্তন করলে ওয়ার্কিং কমিটির মিটিং ডেকে তা করার বিষয় আসবে। সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ছাত্রলীগের পদবঞ্চিতদের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দলের পুনর্বাসনের কোনো বিষয় নেই। ছাত্রলীগের কমিটিকে বলা হয়েছে রিভিজিট করার জন্য, যদি কেউ রিয়েলি বঞ্চিত হয়ে থাকে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে কাদের বলেন, তাদের শুভকামনা করি। তারা নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতিকে আলিঙ্গন করবেনÑ এটাই আমাদের প্রত্যাশা।