দ্বিগুণ ঋণ ছাড় বিদেশিদের

চলতি অর্থবছরের জুলাই মাসে চলমান প্রকল্পে দ্বিগুণ অর্থ ছাড় করেছে বিদেশি উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলো। ২০১৯-২০ অর্থবছরের প্রথম মাসে ঋণ ও অনুদান মিলে ৩৯ কোটি ১১ লাখ ডলার ছাড় হয়েছে, যা গত অর্থবছরের জুলাইতে ছিল ১৮ কোটি ৭৯ লাখ ডলার। অর্থাৎ ছাড় বেড়েছে ২০ কোটি ৩২ লাখ ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

ইআরডি সচিব মো. মনোয়ার আহমেদ জানান, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দিন দিন আমাদের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে বলেই অর্থ ছাড় বাড়ছে। শুরুতেই অর্থ ছাড় বৃদ্ধি পাওয়ায় অর্থবছর শেষে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আমাদের বিশ্বাস। চলতি অর্থবছরের জন্য প্রতিশ্রুত বৈদেশিক ঋণ সহায়তার ৭৬৭ কোটি ডলার ছাড়ের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।

মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্র, পদ্মা বহুমুখী সেতুতে রেল লিংক সংযোগ এবং দোহাজারী থেকে রামু-কক্সবাজার হয়ে ঘুমধুম পর্যন্ত রেললাইন নির্মাণসহ অনেক বড় প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এগুলোর বেশিরভাগই ২০২১ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে সরকারের।