নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় সিটি করপোরেশনের জৈব সার উৎপাদন কেন্দ্রে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য দিয়ে ডিজেল এবং পেট্রোলসহ বিভিন্ন জ¦ালানি তেল উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আর্থিক সহায়তায় বেসরকারি প্রতিষ্ঠান মেঘা অর্গানিক বাংলাদেশ প্রকল্পটির বাস্তবায়ন করেছে।
প্রকল্পটি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান মেঘা অর্গানিক বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, এটি শতভাগ পরিবেশবান্ধব প্রকল্প। সিটি করপোরেশন থেকে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য মান অনুযায়ী কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা দরে তারা কিনে নিচ্ছেন। সেই বর্জ্য পলিথিন দিয়ে প্রতিদিন প্রায় ৫০০ কেজি ডিজেল, পেট্রোল, অকটেন ও কার্বনসহ বিভিন্ন ধরনের জ¦ালানি তেল উৎপাদন করা হবে। পলিথিন বর্জ্য দিয়ে জ্বালানি তেল উৎপাদন প্রায় শতভাগ লাভজনক প্রকল্প। তিনি জানান, যেকোনো প্রতিষ্ঠান এটি করতে পারে। প্লাস্টিক পলিথিনের প্রাপ্যতা সাপেক্ষে পরবর্তীকালে এর উৎপাদন আরও বাড়ানো হবে বলে জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক।
উদ্বোধন শেষে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জানান, প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ২০০ বছরেও পচনশীল নয়। তাই এটি নগরীর জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ। এই জ¦ালানি তেল উৎপাদন প্রকল্পটি চলমান থাকলে সিটি করপোরেশনের বর্জ্যরে শতকরা ৫০ ভাগেরও বেশি পলিথিন জ¦ালানি তেল উৎপাদনে ব্যবহৃত হবে। এর ফলে নগরবাসী পলিথিনমুক্ত হওয়ার পাশাপাশি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা নিশ্চিতসহ জলাবদ্ধতা নিরসন করাও সহজ হবে বলে মেয়র মনে করেন।