ক্যালিফোর্নিয়ার সান্তা ক্রুজ দ্বীপের উপকূলে একটি যাত্রীবাহী নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে এমন আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। সান্তা ক্রুজ কর্র্তৃপক্ষ আগুন লেগে যাওয়া নৌকা থেকে পাঁচজনকে উদ্ধার করতে পারলেও বাকিরা আটকা রয়ে যায়।
গতকাল সোমবার ভোর ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৭৫ ফুট লম্বা নৌকাটিতে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। উপকূলীয় কোস্টগার্ড বাহিনী এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে সিএনএন।
তবে যুক্তরাষ্ট্রের ফক্স টেলিভিশন সান্তা ক্রুজের স্থানীয় সংবাদমাধ্যম কেটিটিভির উদ্ধৃতি দিয়ে জানায়, নৌকায় থাকা যাত্রীদের মধ্যে ৩৪ জন আগুনে পুড়ে মারা গেছে। যদিও এই দাবির পক্ষে কোস্টগার্ড অথবা দ্বীপ কর্র্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। উদ্ধার অভিযানে কোস্টগার্ডের সঙ্গে কাজ করছেন ভেনচুরা কাউন্টির দমকল বাহিনীর সদস্যরা।