চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক বাড়িতে ডাকাতি ও ধর্ষণের মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল সোমবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মহানগরের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা মহানগর আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্রটি জমা দেন।
পরিদর্শক সন্তোষ কুমার বলেন, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার মিজান মাতব্বর, আবু সামা, মহিদুল ইসলাম, জহিরুল ইসলাম, ইলিয়াছ শেখ ও আবদুল মান্নান প্রকাশ হান্নানকে মামলায় আসামি করা হয়েছে। এই ছয়জন পেশাদার ডাকাত। কর্ণফুলী উপজেলায় যে বাড়িতে তারা ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করেছিল তারা সেখানে ডাকাতির পাশাপাশি ধর্ষণও করে।
আর থানা পুলিশের হাতে গ্রেপ্তার মো. সুমন, ফারুকী মাহমুদ ও ইমতিয়াজ উদ্দিন বাপ্পীর ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।