ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকাল ৬টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামে এ ঘটনা ঘটে। সাড়ে সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে ১৬ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানায়, আধিপত্যকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. হারুন অর রশিদ ও ময়না ইউনিয়ন পরিষদের সদস্য আওয়ামী লীগ সমর্থক মো. আক্তার হোসেনের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ওই গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ কোন পক্ষ আগে পাবে এ নিয়ে বিরোধ তুঙ্গে ওঠে। গত রবিবার আক্তার হোসেনের পক্ষের কয়েকজন লোক বিদ্যুতের নতুন সংযোগ পায়। নতুন সংযোগ পেয়ে রবিবার রাতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে উল্লাস করতে শুরু করে। হারুন অর রশিদের সমর্থকরা তাদের রাতে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করে। তারা তা শোনেনি। এ ঘটনার জের ধরে সোমবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে আক্তার হোসেন ও হারুন অর রশিদ পরস্পরকে দোষারোপ করছেন।
গতকাল বিকেলে বোয়ালমারী থানার এসআই আশুতোষ ভৌমিক বলেন, সংঘর্ষের খবর পেয়ে বোয়ালমারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তিনি বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।