রংপুরে এরশাদ পুত্রের কুশপুত্তলিকা দাহ

রংপুর সদরের পালিচড়াহাটে জাতীয় পার্টির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 

এ সময় এরশাদ পুত্র সাদ এরশাদের কুশপুত্তলিকা দাহ করেছে এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার এর সমর্থকেরা।

সোমবার রাত ৯ টার দিকে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া হাটে এ ঘটনা ঘটে । 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এরশাদের মৃত্যুতে শূন্য আসনের উপনির্বাচনের মনোনয়ন নিয়ে এরশাদের পরিবারে  এরশাদের  ভাতিজা সাবেক সাংসদ আশিফ শাহারিয়ার মনোনয়ন প্রত্যাশী। অপরদিকে এরশাদ পুত্র সাদ এরশাদও মনোনয়ন প্রত্যাশী। 

সোমবার রাতে আশিফ শাহারিয়ারের সর্মথক সদ্যপুস্করিণী ইউনিয়নের সাবেক  সভাপতি আব্দুল মতিন ও সাবেক সাধারণ সম্পাদক রায়হানের নেতৃত্বে নেতা কর্মীরা সাদ এরশাদের কুশপুত্তলিকা দাহ করে।  এ সময় জাতীয় পার্টির নেতা কর্মীরা প্রতিবাদ করলে ধাওয়া পাল্টা ধাওয়া চললে শাহারিয়ার সর্মথকদের পিটুনি দেয়। এতে কয়েকজন আহত হয়। 

এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন দেশ রূপান্তরকে বলেন, শাহারিয়ার সমর্থকেরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে এ ঘটনা ঘটে। 

তিনি বলেন, বিষয়টি পার্টির মহাসচিবকে জানানো হয়েছে। 

সদর থানার ওসি সাজেদুর রহমান জানান,  বিশৃঙ্খলা ঠেকাতে  ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে । 

এদিকে সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের পাগলাপীর  এলাকাতেও এরশাদ পুত্র সাদের কুশপুত্তলিকা দাহের ঘটনা ঘটেছে।