কুমিল্লার নাঙ্গলকোটে দশম শ্রেণির এক ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম নজু ও কামাল হোসেনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় গত রবিবার রাত ৮টার দিকে নিহত শারমিনের মা ছেনোয়ারা বেগম বাদী হয়ে তার মেয়েকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নাঙ্গলকোট থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন।
সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল মিয়া জানান, আত্মহত্যার প্ররোচনার মামলায় দুই আসামিকে আটক করে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
গত ১ জুলাই রাতে উত্তর শাকতলী গ্রামের আমিনুল ইসলামের মেয়ে শারমিন আক্তারের (১৬) ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়। শারমিনের মা ছেনোয়ারা বেগম এতে অভিযোগ করেন, তার মেয়েকে দল বেঁধে ধর্ষণের পর গলা টিপে হত্যা করা হয়েছে। শারমিন পেড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।