কুষ্টিয়ায় মাদক মামলায় দুজনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন উপজেলার মোহাম্মদপুর গ্রামের খেজমত মণ্ডলের ছেলে মো. রুবেল (২৫) ও একই গ্রামের মৃত মসলেম মণ্ডলের ছেলে ভাঙন মণ্ডল (২৭)। আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন মীর আশরাফুল ইসলাম ও তরুণ সরকার।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৯ অক্টোবর দুপুর দুইটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মোহাম্মদপুর গ্রাম থেকে রুবেল ও ভাঙনকে আটক করে। এ সময় তাদের দেহতল্লাশি চালিয়ে ৮০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার পরিদর্শক তারেক মাসুদ বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ২৭ জানুয়ারি তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ সাক্ষ্য-শুনানি শেষে গতকাল আদালত দুজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে বেকসুর খালাস দেয়।