চৌদ্দগ্রামে দুর্ঘটনাকবলিত দুটি কাভার্ড ভ্যান রাস্তা থেকে সরানোর সময় আরেকটি কাভার্ড ভ্যানের ধাক্কায় এক এএসআইসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে উপজেলার সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আক্তার হোসেন। তিনি কুমিল্লা বরুড়া উপজেলার ছোটবাটুয়া গ্রামের দুলা মিয়ার ছেলে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার নন্দীগ্রামের বাবুলের ছেলে কাভার্ডভ্যান হেলপার সুমন ও নোয়াখালীর সেনবাগ থানার নিজ সেনবাগ গ্রামের সালেহ আহমেদের ছেলে ফাহাদ। হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার রহমতউল্লাহ জানান, ভোরে সৈয়দপুর
এলাকায় একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে অন্য একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। কাভার্ড ভ্যান দুটি সড়কে আটকে থাকায় যানজট দেখা দেয়। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করতে র্যাকার নিয়ে ঘটনাস্থলে যান। উদ্ধারের সময় অজ্ঞাতনামা একটি কাভার্ড ভ্যান উদ্ধার কাজে নিয়োজিত থাকা র্যাকারকে ধাক্কা দিলে এএসআই আক্তারসহ পাঁচজন আহত হন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজন সেখানে চিকিৎসাধীন।
ট্রাক ও বাসচাপায় প্রাণ গেল নববধূ নৈশপ্রহরীর : সাভারের হেমায়েতপুরে ট্রাকচাপায় নববধূ ও বাসচাপায় এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। রবিবার রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আলমনগর এলাকায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস যাত্রী নিশাত পারভিন রশ্মি নিহত হন। কয়েক দিন আগে তার বিয়ে হয়। স্বামীর বাড়ি মিরপুর থেকে বাবার বাড়ি হেমায়েতপুরের সুগন্ধা হাউজিংয়ে ফিরছিলেন তিনি।
গতকাল সকালে হেমায়েতপুরের বিমান পেট্রোল পাম্পের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় রাজ্জাক হোসেন (৪২) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। তার বাড়ি বগুড়ার সারিয়াকান্দি থানার চরহরিণা গ্রামে। রাজ্জাক তেঁতুলঝোড়া ইউনিয়নে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, রবিবার রাত সোয়া ২টার দিকে রাজধানীর মিরপুর থেকে সাভারের আলমনগরের হাউজিংয়ের উদ্দেশে ছেড়ে আসে একটি মাইক্রোবাস। পরে ঢাকা-আরিচা মহাসড়কের আলমনগর এলাকায় রাজধানীগামী একটি দ্রুতগতির ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিশাত পারভিন রশ্মি মারা যান।
সাভার মডেল থানার এসআই মোহাম্মদ ফারুক হোসেন জানান, উভয় ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ট্রাক ও বাস আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।