শক্তিশালী ঘূর্ণিঝড় ডোরিয়ান বাহামায় আঘাত হেনেছে

বাহামা দ্বীপপুঞ্জের গ্রেট আবাকো ও গ্রান্ড বাহামা দ্বীপে ঘণ্টায় প্রায় তিনশ কিলোমিটার বেগে আঘাত হেনেছে পাঁচ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় ডোরিয়ান। রেডক্রসের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, ঘূর্ণিঝড়ের আঘাতে বাহামা দ্বীপপুঞ্জের প্রায় তেরো হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রেকর্ড সংরক্ষণ শুরু করার পর থেকে আটলান্টিক অঞ্চলের দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড় এটি। আর বাহামাসে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। গত রবিবার রাতে আবাকো দ্বীপের এলবো কে এলাকা দিয়ে ডোরিয়ান যখন স্থলভাগে উঠে আসে, তখন বাতাসের একটানা

সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২৯৫ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হওয়া আকারে ৩৫৪ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

এ সময় প্রবল ঝড়ো হওয়ার সঙ্গে স্বাভাবিক জোয়ারের চেয়ে ১৮ থেকে ২৩ ফুট উঁচু জলোচ্ছ্বাসে উপকূল প্লাবিত হয় বলে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ঘূর্ণিঝড় সেন্টার (এনএইচসি) জানিয়েছে। বিবিসি জানিয়েছে, প্রলয়ঙ্করী এ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বহু ঘরের ছাদ উড়ে গেছে, জলোচ্ছ্বাস আর প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে অনেক জায়গা।

এনএইচসি বলেছে, ডোরিয়ান যে পথে অগ্রসর হচ্ছে, তাতে এ ঝড়ের মূল অংশটি গ্রেট আবাকো দ্বীপ ও গ্রান্ড বাহামা দ্বীপে তাণ্ডব চালিয়ে সোমবার রাত থেকে মঙ্গলবার রাতের মধ্যে ফ্লোরিডার পূর্ব উপকূলের কাছাকাছি পৌঁছে যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আবাকোর বাসিন্দাদের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একক পরিবারের জন্য নির্মিত বাড়িগুলোর অর্ধেক পর্যন্ত পানিতে ডুবে গেছে এবং সেগুলোর ছাদের কিছু অংশ উড়ে গেছে। পুরো দ্বীপ দুমড়ে মুচড়ে যাওয়া ধাতুর খণ্ড ও ছিন্ন কাঠের টুকরায় ছেয়ে গেছে।

বাহামা দ্বীপপুঞ্জের ৭০০ দ্বীপের অধিকাংশেই বিদ্যুৎ চলে গেছে ও ইন্টারনেটে প্রবেশ সীমিত হয়ে পড়েছে বলে জানা গেছে। পূর্বাভাসে সর্বোচ্চ ৭৬ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। ঝড়টি ঘণ্টায় নয় কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে আর আকারে বৃদ্ধি পেয়ে কেন্দ্র থেকে ৭৫ কিলোমিটার বিস্তৃত হয়ে প্রবল শক্তি নিয়ে তাণ্ডব চালাচ্ছে বলে এনএইচসি জানিয়েছে।

বাহামাসের প্রধানমন্ত্রী হুবার্ট মিনিস রাষ্ট্রীয়ভাবে টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘প্রাণঘাতী ও দানবীয় একটি ঝড়’ দ্বীপগুলোতে তাণ্ডব চালাচ্ছে। সরকার ১৪টি আশ্রয়কেন্দ্র খুলেছে ও জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে কয়েক ডজন গির্জা, স্কুল ও অন্যান্য ভবনের নাম করেছে।

ঘূর্ণিঝড়ের পর সাত মিটার উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। বাহামায় আঘাত হেনে ধীরে ধীরে এই হারিকেনটি যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে এগোচ্ছে। ইতিমধ্যেই দেশটির ফ্লোরিডা, জর্জিয়া, উত্তর ও দক্ষিণ ক্যারোলিনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।