ডেঙ্গুতে সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতক্ষীরার কলারোয়ার এক গৃহবধূ খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাতে খুলনার গাজী মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়।

এ নিয়ে সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট তিনজনের মৃত্যু হল।

নিহত গৃহবধূর নাম রহিমা বেগম (৫৮)। তিনি কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়ীয়া গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী। স্বামী ইয়াছিন আলীও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তিনিও গাজী মেডিকেলে ভর্তি ছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাকেও বাড়িতে ফেরত দিয়েছেন।

গৃহবধূ রহিমার স্বজনদের উদ্ধৃতি দিয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল ইসলাম জানান, রহিমা ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ আগে সাতক্ষীরা সিবি হাসপাতালে প্রথমে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে তিন দিন পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর গাজী মেডিকেলে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার রাতে মারা যান।

এদিকে, সাতক্ষীরায় এখন পর্যন্ত ৪৮২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি রয়েছে ৪০ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরও ৩৪৫ জন এবং অন্যত্র রেফার করা হয়েছে আরও ৯৭ জনকে।

আক্রান্তদের সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তারা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আবু শাহিন।