সরিষাবাড়ীতে বকেয়া ও মিল চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

জামালপুরের সরিষাবাড়ীতে আলহাজ জুট মিলের বকেয়া বেতন পরিশোধ ও মিল চালুর দাবিতে সড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জুটমিলের গেটের সামনের সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

আলহাজ জুটমিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জানান, ৩ হাজার ৮৩ জন নারী-পুরুষ শ্রমিক কর্মরত থাকা অবস্থায় মিলটি হঠাৎ বন্ধ ঘোষণা করা হয়। মিল বন্ধের ১৪ মাসেও শ্রমিকদের পাওনা ২ কোটি টাকার বেশি বকেয়া বেতন ও ভাতা পরিশোধ করেনি মিল কর্তৃপক্ষ। এতে শ্রমিকরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

তিনি জানান, এ বিষয়ে শ্রমিকরা বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষ পাওনা পরিশোধে কোন উদ্যোগ নেয়নি। ফলে মঙ্গলবার বেলা ১১ টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা গেটে উপস্থিত হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে গিয়ে শ্রমিকদের সমস্যার কথা তুলে ধরেন। এ সময় শ্রমিকরা অবিলম্বে তাদের পাওনা পরিশোধের উদ্যোগ নিতে উপজেলা প্রশাসনের কাছে দাবি জানান।