বাংলাদেশ সফরেই ক্রিকেটকে বিদায় জানাবেন মাসাকাদজা

সব ধরনের ক্রিকেট থেকেই অবসরের সিদ্ধান্তের কথা জানালেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। এ মাসেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে সফরে আসছে জিম্বাবুয়ে। এই সিরিজেরই শেষ বারের মতো খেলতে দেখা যাবে জিম্বাবুয়ের ক্রিকেটের অন্যতম সেরা বিজ্ঞাপনকে।

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড টুইটারে জানিয়েছে, ‘হ্যামিল্টন মাসাকাদজা বাংলাদেশ অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পর সব ধরনের ক্রিকেটকে বিদায়ের কথা ঘোষণা করেছেন।’ ক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মাসাকাদজা। ১৩-২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজটি।

২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মাসাকাদজার। ৩৮ টি টেস্ট, ২০৯টি ওয়ানডে ও ৬২টি টি-টোয়েন্টি খেলেছেন এই তারকা। তিন ফরম্যাট মিলে আন্তর্জাতিক ক্রিকেটে তার রান ৯৪১০। ১০টি সেঞ্চুরির সঙ্গে ৪২টি হাফ সেঞ্চুরি তার নামের পাশে।

জিম্বাবুয়ের পক্ষে টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ মাসাকাদজা। ২০০১ সালে অভিষেক টেস্টেই সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ গড়েছিলেন মাসাকাদজা। পরে যেটি ভেঙে দেন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল।

দীর্ঘ দিন ধরেই নানা সংকটে জিম্বাবুয়ের ক্রিকেট। সেই সংকটের মাঝেও যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তাদের মধ্যে মাসাকাদজা একজন। কিছুদিন আগে জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করেছে আইসিসি। সংকট তাতে আরো চরমে পৌঁছেছে।

সেই ঘটনার পর সলোমন মিরে অবসরে ঘোষণা দেন। এবার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অবসরের সিদ্ধান্ত জানালেন ৩৬ বছর বয়সী মাসাকাদজা। মঙ্গলবার সংবাদ সম্মেলনে মাসাকাদজা বলেছেন আরেকটি বিশ্বকাপ (২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ) খেলার ইচ্ছে ছিল তার। কিন্তু যেহেতু জিম্বাবুয়ের আপাতত সেই সুযোগ পাওয়া হচ্ছে না, তাই বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।