রংপুর-৩ সদর আসনে বিএনপি অংশ নেবে কি না সে বিষয়ে আগামী ৭ সেপ্টেম্বর পার্লামেন্টারি বোর্ডে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দেশে নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নেই।’ গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর শালবন এলাকায় রংপুর মহানগর বিএনপির সভাপতি সদ্যপ্রয়াত মোজাফফর হোসেনের বাসায় পরিবারের সদস্যদের সান্ত¡না ও সমবেদনা জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘মোজাফফর হোসেন রংপুরের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এখানকার মানুষ তাকে চিরজীবন স্মরণ করবে। রাজনীতি করতে গিয়ে তিনি গুম হয়েছিলেন। তার কোনো লোভলালসা ছিল না। তার মৃত্যুতে দলের ক্ষতি হয়েছে।’ এ সময় পরিবারের পক্ষ থেকে রংপুর-৩ আসনে প্রয়াত মোজাফফরের স্ত্রী সুফিয়া হোসেনকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হলে বিএনপি মহাসচিব কোনো মন্তব্য করেননি।
তবে তিনি বলেন, ‘আমি এখানে রাজনীতি করতে আসিনি। আমি এখানে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছি।’
পরে তিনি রংপুর মহানগর বিএনপি সভাপতি মোজাফফর হোসেনের কবর জিয়ারত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইচ আহামেদ, রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু, সাবেক সাধারণ সম্পাদক সামছুজ্জামান সামু প্রমুখ।